• জমির পাশে আল কাটা নিয়ে অশান্তি, মেরে মাথা ফাটিয়ে দিল প্রতিবেশীর
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • জমি নিয়ে বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ধূপগুড়ির (Dhupguri) মধ্য খট্টিমারি এলাকায়। বৃহস্পতিবার সকালের ঘটনা। ঝাড়আলতা-২ গ্রামপঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছে মোট ছ’জন। ভোটের মুখে এই বিবাদ নিয়ে সরগরম এলাকা।

    অভিযোগ, বৃহস্পতিবার সকালে চাষের জমিতে কাজ করতে যান স্থানীয় এক বাসিন্দা। তিনি দেখতে পান, তাঁর জমির পাশে আল কাটা হয়েছে। অভিযোগ, তাঁর এক প্রতিবেশী আল কেটেছেন। প্রতিবেশীকে এই নিয়ে বলতে গেলে দুই পক্ষের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। বচসা মুহূর্তে হাতাহাতির রূপ নেয়।

    দুই পক্ষই লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। সংঘর্ষে গুরুতর জখম হন উভয় পক্ষের মোট ছ’জন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান।

    ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনা ঘিরে এলাকা এখনও সরগরম। পুলিশ নজরদারি শুরু করেছে।

    জমির মালিক বলেন, ‘আমি সকালে জমিতে কাজ করতে গিয়ে দেখি আমার জমির পাশে আল কেটে দিয়েছে। এর প্রতিবাদ করতেই ওরা আমার উপরে কোদাল, বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়। মারধর শুরু করে। আমার স্ত্রী আমাকে বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয়।’

    যদিও প্রতিবেশী ছেলে পাল্টা বলেন, ‘জমি নিয়ে কোনও সমস্যাই ছিল না। আমার বাবা জমিতে কাজ করতে গেলে ওঁরা হঠাৎই আমাদের আক্রমণ করেন। বাবাকে বাঁচাতে গেলে আমাদের উপরেও হামলা হয়। ২০-২৫ জন লোক নিয়ে চড়াও হন।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)