চঞ্চল প্রধান, হলদিয়া
কেউ তাঁর কাছ থেকে অটোগ্রাফ চাইছেন। কেউ এগিয়ে দিচ্ছেন ডায়েরি। কখনও আবার তাঁকে দেখা গেল সেলফির জন্য পোজ দিতে। বুধবার হলদিয়া ও মহিষাদল বিধানসভার দ্বারিবেড়িয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে এসেছিলেন অভিনেতা সাংসদ দেব। তাঁকে ঘিরেই মানুষের উৎসাহ দেখা যায়।
বিধানসভা ভোটে তৃণমূলের জয় নিয়ে নিশ্চিত দেব। বলছেন, 'ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, কিংবা সামাজিক শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি রক্ষায় তৃণমূল ভরসার জায়গা।' সেই সঙ্গে বিজেপির নাম না করে, ধর্ম নিয়ে রাজনীতি, সাম্প্রদায়িক ভেদাভেদ অস্বস্তির বিষয় হয়ে উঠেছে বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে। বুধবার হলদিয়া বিধানসভা এলাকা থেকে র্যালি মহিষাদল বিধানসভার দ্বারিবেড়িয়া পর্যন্ত যায়। সেখানেই এক জনসভায় বক্তব্য রাখেন দেব।
এ দিন দুপুর সওয়া ১২টায় হলদিয়ার রানিচক সংহতি ময়দানে দেব-কে নিয়ে হেলিকপ্টার নামে। সেখান থেকে হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের সঙ্গে দেব স্থানীয় ক্ষুদিরামনগর, কদমতলা, সিটি সেন্টার ঘোরেন। দুর্গাচক থেকে শুরু হয় র্যালি। তাঁকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। ভিড়ের মধ্যেই ভক্তদের সঙ্গে সেলফি তুলে আবদার মেটান দেব। দুর্গাচক থেকে রাজ্য সড়ক ধরে চৈতন্যপুরের দিকে র্যালি যতই এগিয়েছে ততই বেড়েছে ভিড়।
বিকেলে দ্বারিবেড়িয়ায় স্থানীয় তৃণমূল প্রার্থী তিলককুমার চক্রবর্তীর সমর্থনে সমাবেশ। সেখানে দেব-ই ছিলেন প্রধান বক্তা। তাই র্যালির মাঝখান থেকে কিছুটা সময়ে বিশ্রামের জন্য অভিনেতা-সাংসদ বেরিয়েও গিয়েছিলেন। পৌনে তিনটে নাগাদ দ্বারিবেড়িয়ার সমাবেশ মঞ্চে তাঁকে ফের দেখা যায়। এখানেও অটোগ্রাফ, সেলফি তোলা কিংবা ফুলের তোড়া দেওয়ার জন্য অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
জনসভায় দেব বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কথা বলে, সেই কাজ করে দেখায়। আমার লোকসভা এলাকায় ঘাটাল মাস্টার প্ল্যান তার বড় দৃষ্টান্ত। এমন উন্নয়ন জারি রাখতে মহিষাদল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিলককুমার চক্রবর্তীর হাত শক্ত করবেন। অন্য একটি দল, ধর্মের নামে রাজনীতি করছে। আমাদের মধ্যে ভেদাভেদ করছে। এটা কাম্য নয়। আসুন আমরা একসঙ্গে শান্তি, সম্প্রীতি রক্ষা করে উন্নয়ন যজ্ঞে সামিল হই।'