• হুমায়ুন ও বিজেপির ‘ডিল’— গোপন ভিডিয়ো ফাঁস, অবিলম্বে তদন্তের দাবি তৃণমূলের
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের মুখে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের একটি ভিডিয়োকে (যাচাই করেনি এই সময় অনলাইন) কেন্দ্র করে জোর বিতর্ক শুরু। সেই ভিডিয়ো দেখিয়ে তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে পালাবদলের ছক কষেছেন হুমায়ুন। কোটি কোটি টাকার ‘ডিল’ করা হয়েছে রাজ্য জুড়ে মুসলিম ভোটে ভাগ বসানোর জন্য, যা স্টিং অপারেশনে ভিডিয়ো থেকে স্পষ্ট বলে দাবি তৃণমূল নেতৃত্বের। প্রাথমিক ভাবে, অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

    সমাজমাধ্যমে স্টিং অপারেশনের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে হুমায়ুন কবীর একজনের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আলোচনা করছেন। সেখানেই হুমায়ুন দাবি করেছেন, প্রধানমন্ত্রীর দপ্তর ও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। হুমায়ুন বলেন, ‘আমি মুসলিম অধ্যুষিত ৭০-৮০টি আসন জিতব।’ একটি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের এক অন্যতম শীর্ষ বিজেপি নেতার সঙ্গে আলোচনা হয়েছে। হুমায়ুন প্রাপ্ত আসন নিয়ে বিজেপিকে সাপোর্ট করবেন এবং বিজেপি সরকারে এল তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলেও দাবি করেন তিনি।

    সেই ভিডিয়োতে হুমায়ুন দাবি করেছেন, বিজেপি নিজেও জানে এই নির্বাচনে ১০০-১২০টি আসনের বেশি তারা পাবে না। সেই কারণে মুসলিম ভোটে ভাগ বসানোর প্রয়োজন। তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ভাগ করতে পারলে তৃণমূল সমর্থিত হিন্দুরাও সরে যাবেন। তাঁরাও বিজেপিকে ভোট দেবেন। ফলত, মুসলিম অধ্যুষিত অঞ্চলে আসন জেতার জন্য হুমায়ুন নতুন দল তৈরি করেছেন বলে জানানো হয়। তবে এত সংখ্যক আসন হুমায়ুন কী পাবেন? ভিডিয়োয় অন্তরালে থাকা ব্যক্তি প্রশ্ন করতে হুমায়ুন বলেন, ‘হ্যাঁ সেটা সম্ভব, মুসলিমদের বোকা বানানোর জন্য আমার প্ল্যান রয়েছে। তার জন্য প্রতি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা দরকার। সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা দরকার।’

    এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেখানেই তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। … বিজেপি কিছু বি-টিম, সি-টিম তৈরি করেছে। তাদেরকে মদত দিচ্ছে ভোট ভাগ করার জন্য।’

    তৃণমূলের দাবি, এই ভিডিয়োতে বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের পাশাপাশি পিএমও-র নাম শোনা গিয়েছে হুমায়ুনের গলায়। তৃণমূল নেতৃত্ব বলেন, ‘আমরা এর সঠিক তদন্ত দাবি করছি। পিএমও-র কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায় পিছন থেকে মদত দিচ্ছেন, সেটা বার করতে হবে। হুমায়ুন কবীরকে অফিশিয়ালি জেরা করতে হবে।’

  • Link to this news (এই সময়)