• ভবানীপুরে পদ্ম ফুটবে হুঙ্কার প্রধানমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ০৯ এপ্রিল ২০২৬
  • ভোটকে সামনে রেখে রাজ্যে দ্বিতীয়বার প্রচারে এসেছেন মোদী। হলদিয়ায় আয়োজিত সভায় তিনি শুভেন্দু অধিকারী-সহ দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। সেখান থেকেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বাংলার মানুষ এবার বিজেপিকেই ক্ষমতায় আনতে প্রস্তুত।

    নন্দীগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, সেখান থেকেই পরিবর্তনের সূচনা হয়েছিল এবং এবার সেই পরিবর্তনের ঢেউ পৌঁছাবে ভবানীপুরেও। উল্লেখ্য, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের তরফে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছিল, শুধুমাত্র ভবানীপুর থেকেই লড়ার সাহস দেখাতে, যদিও তা হয়নি।

    অন্যদিকে, নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরে প্রচারে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন কলকাতায় ব্যাপক জনসমাগম দেখা যায়। সমর্থকদের উদ্দেশে তিনি জানান, ভবানীপুরই তাঁর ঘর এবং সেখান থেকেই তিনি লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি রাজ্যের ২৯৪টি আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি।

    সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপির চ্যালেঞ্জ এবং তৃণমূলের আত্মবিশ্বাস—দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)