পানিহাটির বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন আরজি করের নির্যাতিতার মা। বৃহস্পতিবার পানিহাটি থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও।
২০২৪ সালের ৯ অগস্ট মেয়েকে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী। আবার ৯ তারিখেই তাঁর মেয়ের জন্মদিন। তাই লড়াইয়ের প্রতীকী দিন হিসাবে ৯ তারিখকেই বেছে নিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই দিনটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই দিনের মেয়ের জন্ম। আর এই দিনেই ওকে হারানোর মর্মান্তিক স্মৃতি।'
বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকেরা পানিহাটির অমরাবতী এলাকায় জড়ো হতে শুরু করেন। তার পর সেখান থেকে শুরু হয় মিছিল। সোদপুর ট্রাফিক মোড় হয়ে সেই মিছিল এগিয়ে যায় ব্যারাকপুরের দিকে। সেখানেই মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী। সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভারও আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা বিপ্লব দেব।
জনসভায় বিজেপি প্রার্থী বলেন, 'জিতব আমিই। এই জয় হবে পানিহাটির মানুষের জয়। সারা বাংলার জয়। মেয়ের স্মৃতি আমাকে প্রতিনিয়ত শক্তি জোগায়। সন্তান হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।' পানিহাটির সাধারণ মানুষের উদ্দেশেও বার্তা দেন তিনি। বলেন, 'ভোটে জিতে বিধায়ক হলে এলাকার সমস্যা কলকাতায় তুলে ধরব।'