• ‘একটা সুযোগ দিয়ে দেখুন’, তৃণমূলের দলীয় অফিসে গিয়ে ভোটভিক্ষা BJP প্রার্থীর
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • ‘আমাদের একটা সুযোগ দিয়ে দেখুন। একবার ভোট দিন।’ আবেদন করছেন বিজেপি প্রার্থী। এতে অস্বাভাবিক কিছু নেই। গণতান্ত্রিক দেশে একজন প্রার্থী নিজের দলের সমর্থনে ভোট চাইবেন, সেটাই স্বাভাবিক। তবে, নির্বাচনের আগে অভিনব দৃশ্য দেখা গেল বর্ধমানের উত্তর বিধানসভা এলাকায়। তৃণমূল পার্টি অফিসের দোরগোড়ায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীদের কাছেই ভোটভিক্ষা বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের। যা দেখে খানিক ইতস্তত হয়ে পড়েন দলীয় অফিসে তৃণমূল কর্মীরাও।

    বিজেপি প্রার্থী নিজের বিধানসভা এলাকার জামাড় ও সাঁপার গ্রামে প্রচারে বের হন। বাড়ি বাড়ি প্রচারে মধ্যেই আচমকাই তিনি জামাড় গ্রামের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পৌঁছে যান। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন রায়না- ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় পাল-সহ একাধিক নেতা-কর্মী ও সমর্থক।

    হঠাৎ করে বিজেপি প্রার্থীর আগমনে কার্যত হতবাক হয়ে পড়েন উপস্থিত সকলেই। তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে সঞ্জয় দাস সকলের কাছে করজোড়ে ভোটের আবেদন জানান। শুধু তাই নয় বয়সে প্রবীণ তৃণমূল নেতা ধনঞ্জয় পালের পায়ে প্রণাম করে আশীর্বাদও নেন তিনি। পাশাপাশি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন জানান বিজেপি প্রার্থী। এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলেও।

    জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম অবশ্য বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, ‘এতেই প্রমাণিত এতদিন বিজেপি প্রার্থী যে অভিযোগ করছিলেন তা ঠিক নয়। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী, কাউকে প্রচারে বাধা দেয় না।’ অন্য দিকে, বিজেপি নেতা রামানন্দ মজুমদার বলেন, ‘এটাই বাংলার সংস্কৃতি ছিল। কিন্তু, দীর্ঘ ৩৪ বছর বাম শাসনে ও ১৫ বছর তৃণমূলের শাসনে সেই সংস্কৃতি নষ্ট হয়েছে। বিজেপি সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনবে।’

  • Link to this news (এই সময়)