প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য মিনিবাস ভাড়া করেছিলেন বিজেপি কর্মীরা। বাসে করে বৃহস্পতিবার সকালে আসানসোলের পোলো গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে বাসের বুকিং বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিচালিত বাসকর্মীদের ইউনিয়ন এই ঘটনা ঘটিয়েছে। তারা বাস বুকিংয়ে আপত্তি জানায়। তার জন্য বাসের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। যদিও ইউনিয়নের তরফে জানানো হয়েছে, বাস বাতিলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এ ধরনের বুকিংয়ের সিদ্ধান্ত বাস মালিকদের ব্যক্তিগত বিষয়।
বৃহস্পতিবারের সভায় যাওয়ার জন্য কুলটি ব্লক বিজেপির উদ্যোগে মিনিবাস বুকিং করা হয়েছিল। বুকিংয়ের পরে হঠাৎ বুধবার রাতে মিনিবাস মালিকরা সেই বুকিং বাতিল করে দেন এবং টাকাও ফেরত দিয়ে দেন বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, মিনিবাস মালিকদের তরফে জানানো হয়, তাঁদের উপরে চাপ রয়েছে। বাধ্য হয়ে বুকিং বাতিল করতে হয়েছে।
প্রতিবাদে বরাকর মিনিবাস স্ট্যান্ডে গিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেত্রী ইন্দ্রাণী আচার্য, মণ্ডল সভাপতি সঞ্জু ঘোষ-সহ অন্যান্য সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের মালিক সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ রায় বলেন, ‘সরকারি বুকিংয়ের ক্ষেত্রে চিঠি দিতে হয়। অ্যাসোসিয়েশনের সদস্যরা সিদ্ধান্ত নেন। তবে দলীয় কর্মসূচির ক্ষেত্রে বাসের মালিকের সঙ্গেই দলের তরফে কথা বলে সিদ্ধান্ত হয়। মালিকরা নিজেরাই সবটা সিদ্ধান্ত নেন। এ নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে কাউকে কিছু বলা হয়নি। কেউ কোনও চিঠিও আমাদের অ্যাসোসিয়েশনকে দেয়নি।’