নবান্ন সংলগ্ন ব্রিজের উপর আচমকা ভেঙে পড়ল ট্র্যাফিক সিগন্যাল পোস্ট। যার জেরে ব্যাপক যানজট হয়েছে ওই এলাকায়। গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগের জেরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নবান্ন থেকে শালিমার স্টেশনের দিকে যাওয়ার পথেই এই পোস্ট ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর প্রায় দুটো পর্যন্ত ব্রিজের উপর সিগন্যাল পোস্ট ভেঙে পড়ে থাকতে দেখা গিয়েছে। যার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। আপাতত নিরাপত্তার কারণে পুলিশ ওই রাস্তায় যান চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে।
শালিমারগামী গাড়িগুলিকে এখন আন্দুল রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আশপাশের রাস্তাগুলিতে গাড়ির চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের চেষ্টা করছেন। পুলিশের তরফে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগের কারণে সিগন্যাল পোস্টের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে স্বস্তির বিষয়, কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। নবান্নের মতো গুরুত্বপূর্ণ এলাকার কাছে সিগন্যাল পোস্ট ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।