• ওড়ার পরেই বিকল ইঞ্জিন, ‘প্যান-প্যান’ অ্যালার্ট এয়ার ইন্ডিয়ার বিমানের! কী হলো ৪৭ যাত্রীর?
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝআকাশে আচমকা বিকল হয়ে গেল ইঞ্জিন। তড়িঘড়ি রেডিয়োতে ‘প্যান-প্যান’ অ্যালার্ট ঘোষণা পাইলটের। গটতে পারত বড় বিপদ। তবে শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদে বিমানবন্দরে ফেরাতে পেরেছেন পাইলট। বৃহস্পতিবার ভোরে মুম্বই থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে চরম বিপদে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা যাত্রীরা।

    মুম্বই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ২টো ১৫ মিনিট নাগাদ ৪৭ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়েছিল বিমানটি। বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার এ৩২০ নিও (A320 Neo) মডেলের।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, টেক-অফের সময়েই একটি অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল এবং বিমানটির দ্বিতীয় ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা গিয়েছিল।

    ওই অবস্থাতেই বিমানটি উড়ে যায়, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই বিমানের ২ নম্বর ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে পাইলট রেডিয়োতে ‘প্যান-প্যান’ কল করেন। ২টো বেজে ৩৫ মিনিটে বিমানটি নিরাপদে মুম্বইয়ে ফিরে আসে।

    বিমানবন্দরের আধিকারিকদের সূত্রে খবর, ঘটনার পরপরই বিমানবন্দরে ‘লোকাল স্ট্যান্ডবাই’ জারি করা হয়েছিল। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। সম্পূর্ণ নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই নিরাপদে অবতরণ করে সেটি। পরে ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ অন্য এক বিমানে ওই বিমানের যাত্রীদের বেঙ্গালুরুতে পাঠানো হয়।

  • Link to this news (এই সময়)