• আসানসোলে মোদীর সভায় চারশো জনের মোবাইল চুরি, তালিকায় মানিব্যাগ, গয়নাও
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে একাধিক কর্মী, সমর্থকদের মোবাইল-সহ বিভিন্ন জিনিস চুরির ঘটনায় চাঞ্চল্য। মোবাইল উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হিরাপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা।

    এ দিন আসানসোলের পোলো গ্রাউন্ডে নির্বাচনী সভায় সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বের দাবি, সভায় আসা প্রায় সাড়ে চারশো বিজেপি কর্মীর মোবাইল চুরি হয়ে গিয়েছে। শুধু মোবাইল নয়, মানিব্যাগ, সোনার গয়না পর্যন্ত চুরি হয়েছে অনেকেরই। কুলটি থানা এলাকার বাসিন্দা ঝুলন মাঝি বলেন, ‘আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে মোদীজীর সভা থেকে। থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। পুলিশ বলছে মোবাইলের কাগজপত্র নিয়ে আসতে হবে। বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আসার পর অভিযোগ নিয়েছে পুলিশ।’

    মোদীর সভায় যাওয়া ফাল্গুনী দাস নামে এক মহিলা বলেন, ‘আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে। অভিযোগ করেছি। পুলিশের কাছে দাবি করেছি, মোবাইল খুঁজে বের করতে হবে।’ কয়েকশো মোবাইল গ্রাহক সন্ধ্যায় হীরাপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে আছেন। মোবাইল খুঁজে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন গ্রাহকরা।

    বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ মণ্ডল বলেন, ‘বাইরে থেকে লোক নিয়ে এসে সভায় ঢোকানো হয়েছে। পুলিশ সাভায় আসা মানুষদের নিরাপত্তা দিতে পারেনি। প্রায় সাড়ে চারশো মোবাইল-সহ মানিব্যাগ সোনার গয়না চুরি হয়েছে।’

    যদিও বিজেপির সভায় মোবাইল চুরি নতুন কিছু নয়। এর আগে দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলে বিজোপির একাধিক সভায় মোবাইল চুরির ঘটনা ঘটছে। বিজেপি সাংসদ সুরিন্দর আলুওয়ালিয়ার মোবাইল চুরি হয় নির্বাচনী সভায়। কিছুদিন আগে দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সভায় এসে বিজেপি বর্ধমান জেলা সাংগঠনিক সভাপতি অভিজিৎ তায়ের মোবাইল চুরি হয়ে। এই বিষয়ে কোনও পুলিশ আধিকারিক প্রকাশ্যে কোনও বক্তব্য দেননি। পুলিশের তরফে জানানো হয়েছে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ১২ জনকে।

  • Link to this news (এই সময়)