• মুক্তি পেল নতুন গান ‘গণকবর’
    আজকাল | ১০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  বর্তমান ভারতের রাজনৈতিক আবহে বাংলাভাষী মেহনতি মানুষের কোণঠাসা হওয়া এবং তাঁদের ওপর ‘অনুপ্রবেশকারী’ তকমা সেঁটে দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, তার প্রতিবাদে গর্জে উঠল নতুন গান ‘গণকবর’। লিরিসিস্টের কলমে উঠে আসা এই গানের প্রতিটি শব্দে মিশে আছে বাঙালির লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। নীল বিদ্রোহের নীলকুঠির চাবুক থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী জমানায় জেলের ভেতর ফোর্স-ফিডিং—বাঙালির ওপর নেমে আসা রাষ্ট্রীয় নিপীড়নের ছবিটা এখানে অতি জীবন্ত। গীতিকার সৌম্য মণ্ডল স্পষ্ট করে দিয়েছেন যে, এই গানটি কোনও  কাল্পনিক কাহিনী নয়, বরং তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বাংলার সাধারণ মানুষের যন্ত্রণার এক সম্মিলিত দলিল।

    গানটিতে উঠে এসেছে নাগরিকত্বের নামে বাঙালির অপমানের কথা। বিশেষ করে হাওড়ার শিবপুরের দাঙ্গার স্মৃতি পোড়া রিকশার যে হাহাকার লিরিসিস্ট তুলে ধরেছেন, তা আসলে আজ কোটি কোটি শ্রমজীবী মানুষের বাস্তব চিত্র। শাসক দল যখন মিথ্যে গুজব রটিয়ে গরিবের বাসা ভাঙছে বা জাত-ধর্মের নামে বিভাজন তৈরি করছে, তখন এই গান সেই বিভেদ ভুলে এক হওয়ার ডাক দেয়। গানের শেষে এক অদ্ভুত তেজ দেখা যায়, যেখানে বলা হয়েছে ভাষার জন্য রক্ত দেওয়া এই জাতি সহজে জমি ছাড়বে না। ‘গণকবর’ থেকে উঠে আসা এই প্রতিরোধের সুর বুঝিয়ে দেয় যে, বারবার আঘাত নামলে বাঙালি আবার যুদ্ধের ময়দানেই ফিরবে। সিধুর বলিষ্ঠ কণ্ঠ আর ঋত্বিকের সুর এই প্রতিবাদী গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা বর্তমানে বাংলাভাষী প্রতিটি মানুষের মনের কথা বলছে।
  • Link to this news (আজকাল)