আজকাল ওয়েবডেস্ক: নানা কারণে প্রশ্নের মুখে বাঙালির সাংস্কৃতিক পরিচয়, এই সময়েই ঐতিহ্য সংরক্ষণের ডাক দিল 'হ্যালো হেরিটেজ।' দৃশ্যমান স্থাপত্য থেকে অদৃশ্য লোকসংস্কৃতি, সব ধরনের ঐতিহ্যকে আগলে রাখতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের এক ছাতার তলায় এনে 'হেরিটেজ কনক্লেভ ২০২৬'-এর সূচনা করল 'হ্যালো হেরিটেজ।'
কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি 'হেরিটেজ কনক্লেভ ২০২৬'-এর লোগো উন্মেচন করা হয়। এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন রেশমি চ্যাটার্জি। তিনি বলেন, "ঐতিহ্য কেবল পুরনো ইমারত বা স্থাপত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঐতিহ্য আমাদের সমাজের মূল্যবোধ ও যৌথ স্মৃতির ধারক।" তাঁর মতে, নগরায়ণ, দূষণ ও অবহেলার কারণে বাঙালির উত্তরাধিকার আজ বিপন্ন। যা রক্ষায় এখনই সচেতন পদক্ষেপের প্রয়োজন। রেশমি দেবীর কথায়, "সংরক্ষণ মানে শুধু কোনও বস্তুকে রক্ষা করা নয়, বরন সেই জীবন্ত ঐতিহ্যকে আগামীর জন্য টিকিয়ে রাখা।" লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থপতি মনিশ চক্রবর্তী, সাংবাদিক ও পরিচালক সুদেষ্ণা রায় এবং সাবর্ণ রায় চৌধুরীর বংশধর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৩ ও ১৪ই মে আইসিসিআর-এ 'হেরিটেজ কনক্লেভ ২০২৬'-এর মূল অনুষ্ঠানটি হবে। সেখানে ইতিহাসবিদ, স্থপতি, গবেষক ও শিক্ষার্থীরা থাকবেন। সেই অনুষ্ঠানের মাধ্যমেই সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ নিয়ে নতুন পথে দিশা আবিষ্কার সম্ভব হবে বলে আশাবাদী 'হ্যালো হেরিটেজ কর্তৃপক্ষ।