• বারামতিতে প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সুনেত্রা
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
  • মুম্বই, ৯ এপ্রিল: বিলম্বিত বোধদয়? অবশেষে মহারাষ্ট্রের বারামতি কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস। এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য আইনসভায় পা রাখতে চলেছেন প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। আগামী ২৩ এপ্রিল এই আসনে ভোটগ্রহণের কথা ছিল। তার দু’সপ্তাহ আগে কংগ্রেস প্রার্থী তুলে নিলো।

    বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁর স্ত্রী সুনেত্রা। বারামতির উপ-নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী তিনি। এটি দীর্ঘদিন ধরেই পাওয়ার পরিবারের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এদিকে, প্রয়াত অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বারামতির আসন্ন উপ নির্বাচনে প্রার্থী দেয়নি বিরোধ দল এনসিপি (শারদ) এবং শিবসেনা (ইউবিটি)। কিন্তু বেঁকে বসেছিল এমভিএ-র অন্যতম শরিক দল কংগ্রেস। প্রার্থী করেছিল আইনজীবী অকাশ বিশ্বনাথ মোরেকে। যার ফলে জোর চর্চা শুরু হয়।

    সুনেত্রার জয় সম্পর্কে বিশেষজ্ঞদের সংশয় না থাকলেও কংগ্রেসের মনোভাব ঘিরে আলোচনা চলছিল। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর দলের কাছে প্রার্থী প্রত্যাহারের আবেদন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এমনকী অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং এনসিপি (শারদ) নেতা শারদ পাওয়ারও। এমনকী শুক্রবার সকালেও প্রার্থী প্রত্যাহারের জন্য কংগ্রেসের কাছে  আবেদন করেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে রাহুল গান্ধীর দলের তরফে বারামতি থেকে প্রার্থী প্রত্যাহার করা হল।
  • Link to this news (বর্তমান)