• আজ আট জেলায় ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
  • কলকাতা, ৯ এপ্রিল: পূর্বাভাস আগেই ছিল। তা সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে ভিজল রাজ্য। মেঘে ঢেকে আছে আকাশ। সূর্যের দেখা মিলছে না। কলকাতা থেকে জেলা, ছবিটা প্রায় এক। তবে আগামীকাল, শুক্রবার থেকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

    আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ‘হলুদ সতর্কতা’ আগেই জারি করেছিল আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল, বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা। এদিন সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলে যায়। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সঙ্গে ঝোড়ো হাওয়া। যার প্রভাবে নেমেছে পারদ। এদিন ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৪ ঘণ্টার শহরে গড় বৃষ্টিপাতের হার ১৫.৪ মিলিমিটার।

    কেন এভাবে টানা ঝড়বৃষ্টির দাপট? আবহাওয়াবিদরা জানিয়েছেন, অনুকূল পরিস্থিতি থাকার জন্য গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। ফলে রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। সেই সঙ্গে ছত্তিশগড়ের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। এত কারণের সম্মিলিত ফল ঝড়বৃষ্টি।
  • Link to this news (বর্তমান)