• পতাকা বিক্রিতে শীর্ষে তৃণমূল, পদ্ম পার্টিকে পিছনে ফেলে দুইয়ে সিপিএম
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
  • অনুভব সেনগুপ্ত, কলকাতা: ভোট মানেই গলি থেকে রাজপথ মুড়ে যায় নানা রঙের পতাকায়। কিন্তু রাজনৈতিক দলগুলি এই পতাকা আনে কোথা থেকে?  কলকাতার সবথেকে বড় পতাকা মার্কেট হল বড়বাজারের পাগে পট্টি। সার সার দোকান। সব দোকানেরই মূল বিক্রির জিনিস বিভিন্ন দলের পতাকা। চার থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত বিভিন্ন মানের পতাকা পাওয়া যায় এইসব দোকানে। বড়বাজারের এই সব দোকানে ঘুরে অবাক করার মতো যে ঘটনা সামনে এলো তা হল পতাকা বিক্রির হার। রাজনীতির ময়দানে এই মুহূর্তে বাংলায় সব থেকে বেশি টক্কর তৃণমূল আর বিজেপিতে। কিন্তু পতাকা বিক্রিতে বিজেপিকে কয়েক যোজন দূরে সরিয়ে অনেক এগিয়ে তৃণমূল। এমনকি বিজেপিকে পিছনে ফেলে পতাকা বিক্রি হারে দু’নম্বরে উঠে এসেছে সিপিএম। এমনই জানালেন এক পতাকা বিক্রেতা নীরজ টাটিয়া।

    আর এক পতাকা ব্যবসায়ী সঞ্জয় চন্দ্র চন্দ্রনানার দাবি, বাইরে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, একই দোকানে পতাকা কিনতে এসে সব দলের কর্মীরাই মিলেমিশে যান। তবে যত দিন যাচ্ছে প্রচারের ধরণ বদলাচ্ছে রাজনৈতিক দলগুলি। একটা সময় পতাকাই ছিল প্রচারের মূল অঙ্গ। এখন পতাকাকে টক্কর দিতে এসে গিয়েছে বিকল্প উপকরণ। দলীয় প্রতীক আঁকা গেঞ্জি, টুপি, চাবির রিং, ছাতা, উত্তরীয় এখন সমানতালে বিকোচ্ছে। 

    তবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপির পাশাপাশি আইএসএফ, বিএসপি’র মতো দলের পতাকা বিক্রি হতে দেখা যাচ্ছে। এমনকি নির্দল প্রার্থীদের জন্যেও বিশেষভাবে অর্ডার নিয়ে পতাকা তৈরি করে দেন এখানকার দোকানিরা।
  • Link to this news (বর্তমান)