প্রচার করছিলেন বিজেপি প্রার্থী। ভোট প্রচারের সময়ে তিনি এমন একটি আবাসনে পৌঁছে যান, যেখানে স্বয়ং থাকেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী। অভিযোগ, ওই আবাসনে ঢুকতেই দেওয়া হয়নি বিজেপি প্রার্থীকে। ভিতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল বালি বিধানসভা কেন্দ্র।
বিজেপি প্রার্থী সঞ্জয় সিং ওই বহুতল আবাসনের সামনে পৌঁছনোর পরে তাঁকে ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ওই আবাসনেই থাকেন তৃণমূলের হাওড়া সদর যুব সভাপতি এবং বালি কেন্দ্রের প্রার্থী কৈলাশ মিশ্র। অভিযোগ, বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই কমপ্লেক্সের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। সঞ্জয় সিংহকে আবাসনের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
এরপরে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং বাইরে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৪ তারিখের পরে এই দরজা না ভিতর থেকে খুলবে, না বাইরে থেকে—কারণ বাইরে থেকেই বন্ধ করে দেওয়া হবে।’ ওই বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। যদিও তৃণমূলে পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।