এই সময়, ঝাড়গ্রাম: হাতে সময় কম। পৌঁছতে হবে ভোটারের বাড়িতে, গ্রামে, পাড়ায়। তাই বেছে নেওয়া হয়েছে মোটরবাইককে। কোথাও সঙ্গে চালক নিয়ে প্রার্থীদের দেখা যাচ্ছে, আবার কোথাও নিজেই মোটরবাইক চালিয়ে প্রচার সারছেন প্রার্থীরা। বেশি করে জনসংযোগের জন্যই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারকে সামনে রেখে মোটরবাইক মিছিল করে গ্রামে গ্রামে ঘোরেন তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী মঙ্গল সোরেন এবং গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো। বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুকেও এ দিন মোটরবাইক মিছিল করতে দেখা যায়।
মঙ্গল এ দিন ঝাড়গ্রাম ব্লকের সাপধরা অঞ্চলে মোটরবাইকের পিছনে চেপে কর্মী–সমর্থকদের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনী প্রচার করেন। হরিণা গ্রাম থেকে মিছিল শুরু হয়। পাঁচামি হয়ে পিঁপড়ি যান তিনি। সেখানে মিছিল পাঁচামি হয়ে পুকুরিয়া গ্রামে পৌঁছন। পুকুরিয়ায় গ্রামে মধ্যাহ্নভোজ সারেন কর্মীরা। নির্বাচনের জরুরি কাজে সেখান থেকে ঝাড়গ্রাম ফেরেন প্রার্থী। বিকেলে ফের পুকুরিয়া থেকে জামবনি ব্লকের সীমানা পর্যন্ত টেঙিয়া গ্রাম পর্যন্ত মোটরবাইক মিছিল করা হয়। প্রার্থীর সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি নরেন মাহাতো–সহ অন্য নেতারা।
অন্য দিকে, গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো ঝাড়গ্রাম ব্লকের দুধকুণ্ডি অঞ্চলের গুপ্তমণি থেকে কর্মী–সমর্থকদের নিয়ে মোটরবাইক মিছিল করেন। অজিত ছিলেন বেলুন দিয়ে সাজানো একটি মোটরবাইকে। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শান্তনু মাহাতো, দুধকুণ্ডি অঞ্চলের তৃণমূলের সভাপতি সমীর মাহাতো। মোটরবাইক মিছিল গুপ্তমণি থেকে বালিভাষা, বারডাঙা হয়ে শঙ্করবণি পর্যন্ত যায়। বালিভাষা গ্রামে দুধকুণ্ডি গ্রাম পঞ্চায়েতের কুড়মি সমর্থিত নির্দল প্রধান লবঙ্গলতা মাহাতো তৃণমূল প্রার্থী অজিতকে ফুলের মালা পরিয়ে ও মিষ্টি খাইয়ে সংবর্ধনা দেন। অজিত বলেন, ‘হাতে সময় অনেকটাই কম। সব মানুষের কাছে পৌঁছনোই আমাদের লক্ষ্য। তাই মোটরবাইক মিছিল করে গ্রামে গ্রামে জনসংযোগ করা হচ্ছে। এ নির্বাচনে নির্দল পঞ্চায়েতরাও আমাদের পাশে রয়েছেন।’
এ দিন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুও ভেলায়ডিহা অঞ্চলে সারাদিন ধরে মোটরবাইক মিছিল করেন। গ্রামে গ্রামে জনসংযোগ করেন। ওড়গন্দা থেকে মিছিল শুরু করে দিয়াসি হয়ে একাধিক গ্রাম ঘুরে হিজলাতে শেষ হয়। তবে প্রার্থী ছিলেন হুডখোলা গাড়িতে। গ্রামের মধ্যে মোটরবাইক মিছিল পৌঁছলে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন প্রণত। মোটরবাইক মিছিল প্রসঙ্গে তাঁরা মুখেও এক কথা। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারে হাতে খুবই কম সময় রয়েছে। মোটরবাইক মিছিলের মাধ্যমে গ্রামে গ্রামে জনসংযোগের পাশাপাশি ও চলতি মানুষজনের সঙ্গে জনসংযোগ করা হচ্ছে। মোটরবাইক মিছিলে কর্মী–সমর্থকদের মধ্যে ভালো উচ্ছ্বাসও রয়েছে।’এ দিন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুও ভেলায়ডিহা অঞ্চলে সারাদিন ধরে মোটরবাইক মিছিল করেন। গ্রামে গ্রামে জনসংযোগ করেন। ওড়গন্দা থেকে মিছিল শুরু করে দিয়াসি হয়ে একাধিক গ্রাম ঘুরে হিজলাতে শেষ হয়। তবে প্রার্থী ছিলেন হুডখোলা গাড়িতে। গ্রামের মধ্যে মোটরবাইক মিছিল পৌঁছলে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন প্রণত। মোটরবাইক মিছিল প্রসঙ্গে তাঁরা মুখেও এক কথা। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারে হাতে খুবই কম সময় রয়েছে। মোটরবাইক মিছিলের মাধ্যমে গ্রামে গ্রামে জনসংযোগের পাশাপাশি ও চলতি মানুষজনের সঙ্গে জনসংযোগ করা হচ্ছে। মোটরবাইক মিছিলে কর্মী–সমর্থকদের মধ্যে ভালো উচ্ছ্বাসও রয়েছে।’