• আজও ঝড়বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়, উইকএন্ডেই আবহাওয়ার 'পরিবর্তন'
    আজ তক | ১০ এপ্রিল ২০২৬
  • সকাল থেকেই আকাশের মুখ ভার থাকছে। বেলা গড়াতে না গড়াতেই ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আবার সন্ধ্যার পর অফিস ফেরত নিত্যযাত্রীদের ভোগাচ্ছে ঝড়। ভিজে কাক হয়ে বাড়ি ফেরাই যেন গত ২-৩ দিন ধরে দস্তুর হয়ে গিয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তের বাসিন্দাদের। যদিও এই পরিবর্তিত আবহাওয়া কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ভ্যাপসা গরম থেকে। তবে এই স্বস্তি যে বেশিদিন সইবে না, তা যেন টের পাওয়া যাচ্ছে আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাসেই। শুক্রবার থেকেই আবহাওয়ার 'পরিবর্তন' হবে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

    কেমন থাকবে আবহাওয়া?
    বৃষ্টি যে একবারে হবে না, তেমনটা নয়। তবে দাপট কিছুটা কমতে পারে। এদিন থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। আগামী কিছুদিনের মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। 

    বৃষ্টি চলবে কতদিন?
    শুক্রবারও কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই সব জেলাগুলিতে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপট অন্যান্য জেলার তুলনায় খানিক বেশি থাকবে। বৃষ্টির জন্যও জারি থাকছে অ্যালার্ট। 

    উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টির দাপট। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এছাড়াও ছাড়াও, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টাযয় ৫০ থেকে ৭০ কিলোমিটার। 

    কেন এই ঝড়বৃষ্টি অব্যাহত?
    বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। যার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। উত্তাল থাকতে পারে সমুদ্র। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাতের সময়ে সকলকে গাছের তলায় বা ফাঁকা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    কবে থেকে ফের গরম?
    পূর্বাভাস, শনিবার থেকে মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। সপ্তাহান্তে কমবে বৃষ্টির দাপট। সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

     
  • Link to this news (আজ তক)