লোহার লাইনের বদলে হালকা কম্পোজিট ট্র্যাক, নয়া চমক রেলের
বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পালটাচ্ছে রেললাইনের ধরন। লোহার ভারি ট্র্যাকের পরিবর্তে এবার বিমিশ্র এবং যৌগিক (অর্থাৎ, কম্পোজিট) ধাতুর রেলওয়ে ট্র্যাক বসানো হবে। ফলে এই লাইন তুলনায় অনেক বেশি হালকা এবং ভার বহন সক্ষম হবে। সবমিলিয়ে এই ট্র্যাকের উপর চলাচলকারী ট্রেনের দুর্ঘটনার আশঙ্কাও অনেকাংশে কমে যাবে। আপাতত রেল সেতু এবং বিভিন্ন পয়েন্ট ও লেভেল ক্রসিংয়ের অংশবিশেষে এই নয়া ট্র্যাক বসানো হবে। বৃহস্পতিবার নয়াদিল্লির রেল ভবনে এবিষয়ে রেল বোর্ড আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরেই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে রেললাইনের সার্বিক নজরদারি করা হবে এআই প্রযুক্তি ব্যবহার করে। এহেন পদ্ধতিতে নজরদারি করা যন্ত্রে একটি এআই ডিভাইস ইনস্টল করা হবে। এর পোশাকি নাম ‘গ্রাউন্ড পেনিট্রেশন রাডার’। তা ‘ট্র্যাক বেস’ পর্যন্ত নজরদারি করতে পারবে। অর্থাৎ, লাইনের ভিত মজবুত রয়েছে কি না, সেটিও মুহূর্তে বোঝা যাবে। এদিন রেল জানিয়েছে, বিমিশ্র ধাতু দিয়ে তৈরি এসব লাইন শুধু হালকা হবে এমন নয়। তা বসানোর কাজও অনেক সহজ হবে। এর রক্ষণাবেক্ষণেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে না। এহেন লাইন প্রতি বর্গ সেন্টিমিটারে ৭০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম হবে বলে বৃহস্পতিবার রেল বোর্ডের বৈঠকের পর জানিয়েছে মন্ত্রক। ওয়াকিবহাল মহলের ধারণা, ট্রেন দুর্ঘটনা রোধের বিষয় তো আছেই। তবে প্রধানত রেল পথে আরও বেশি পণ্য পরিবহণের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রের মোদি সরকার।