• যোগীরাজ্যের ভোটার দিয়ে অসমেও ভোটচুরি বিজেপির, অভিযোগে তোলপাড় গোটা দেশ
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
  • গুয়াহাটি: ফের ‘ভোট চুরি’র অভিযোগ! এবার অসমেও আঙুল উঠল বিজেপির দিকে। গেরুয়া শিবিরের অন্যতম ‘পোস্টার বয়’ হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে বৃহস্পতিবার ছিল ভোটগ্রহণ।  তার ঠিক ২৪ ঘণ্টা আগে থেকেই গুয়াহাটি, বরপেটা, দিসপুর সহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এক অদ্ভুত দৃশ্য। উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে শয়ে শয়ে মানুষ পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে-বাসে চড়ে এসে ভিড় জমিয়েছেন রাস্তাঘাটে, স্টেশনের পাশে। প্রত্যেকের পরিচয় পরিযায়ী শ্রমিক। আর আগমনের উদ্দেশ্য একটাই, ভোটদান! কিন্তু আশ্চর্য বিষয় হল, ওই ব্যক্তিদের অধিকাংশই হিন্দিভাষী। একবর্ণও অসমিয়া বুঝতে পারছেন না। এমনকি নিজের বিধানসভা কেন্দ্র, বুথের নাম, রাস্তাঘাট কিচ্ছু তাঁদের মনে নেই। যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে আসা এমন অন্তত ২০-২৫ জন ‘ভুয়ো ভোটার’কে চিহ্নিত করেছেন খোদ কংগ্রেসের প্রার্থীরাই। কংগ্রেসের তরফে একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে, যেখানে একাধিক হিন্দিভাষী যুবক নিজেদের অসমের ভোটার বলে দাবি করেছেন। যে ৪-৫টি বাসে তাঁরা এসেছেন, সেগুলি জ্বলজ্বল করছে বিহারের নম্বরপ্লেট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আর একটি ভিডিয়োয় ভিনরাজ্য থেকে আগত এক যুবককে প্রশ্ন করা হচ্ছে, অসমের নাগরিক হওয়া সত্ত্বেও অসমিয়া বুঝতে পারছেন না কেন? তাতে জবাব মিলছে, ‘ম্যায় গরিব হুঁ!’

    এভাবে ‘ভোট চুরি’ নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন অসমের নেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, ভিনরাজ্য থেকে আগত প্রচুর সংখ্যক ভোটার এলাকার রাস্তাঘাট চিনতেই পারছে না। স্টেশনের নাম জিজ্ঞাসা করে বলছে, কোন দিক দিয়ে যাব? তিনি যদি এলাকারই বাসিন্দা হতেন, তাহলে এই প্রশ্ন করতেন না। এবারের ভোটে হিমন্ত বিশ্বশর্মার পরাজয় নিশ্চিত ছিল। সেই কারণেই হিন্দি বলয়ের রাজ্যগুলি থেকে ভুয়ো ভোটার আমদানি করা হয়েছে। দুপুর ২টোর পর থেকে তারা ভোট দিয়েছে।’ অল অসম স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি উৎপল শর্মারও দাবি, ‘মঙ্গলবার থেকেই ভিনরাজ্য থেকে এভাবে ভোটাররা আসছে। সকলেই নাকি বরপেটা, কয়াকুছি, পাটেকিবাড়ি ইত্যাদি এলাকার বাসিন্দা। কিন্তু কেউই অসমিয়া বোঝেন না। ফলে তাঁদের উপর সন্দেহ হওয়াই স্বাভাবিক।’ একই অভিযোগ অহোম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি পলাশ চাংমাইয়ের। 

    দিসপুরের কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর গোস্বামী বুধবারই উত্তরপ্রদেশ থেকে আসা দিলরাজ সিং নামে এক ভুয়ো ভোটারকে পাকড়াও করেন। তাঁর অভিযোগ, দিলরাজের সঙ্গে ছিল আরও চার-পাঁচজন। তারা কংগ্রেস প্রার্থীকে ১০-২০টি ভোটের বন্দোবস্ত করে দেবে বলে জানায়। তাহলে কি বিহার, মধ্যপ্রদেশের মতো অসমেও ভোটচুরি হচ্ছে? প্রশ্ন তুলে দিয়েছেন অসমের প্রদেশ কংগ্রেস নেতা বেদব্রত বেরা।
  • Link to this news (বর্তমান)