• ‘পেন’ ও ‘টেবিল’-এর লড়াই ঘিরে শিলিগুড়িজুড়ে জোর চর্চা
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
  • সুব্রত ধর, শিলিগুড়ি: ‘পেন’ বনাম ‘টেবিল’! শিলিগুড়িতে সংশ্লিষ্ট দু’টি প্রতীক চিহ্ন নিয়ে ভোটের ময়দানে দুই ব্যক্তি। তাঁদের নাম তরুণ তলাপাত্র ও সুনীল পণ্ডিত। প্রথমজন নিজেকে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা হিসাবে দাবি করেছেন। দ্বিতীয়জন নিজেকে দাবি করেছেন দলের শাসক গোষ্ঠীর সদস্য হিসেবে। তাঁদের লড়াই দলীয় প্রার্থীর পক্ষে ও বিপক্ষে। পদ্ম শিবির অবশ্য বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছে না। সমগ্র প্রেক্ষাপট ঘিরে শিলিগুড়িতে সরগরম ভোটের ময়দান। 

    রাজ্যের অন্যান্য প্রান্তের মতো এখানে সনাতনী হিন্দু মঞ্চ গড়েছেন বিজেপির বিক্ষুব্ধরা। সেই দলের অন্যতম সদস্য তরুণ। গত ৬ এপ্রিল তিনি মনোনয়ন দাখিল করেন। বৃহস্পতিবার তিনি প্রতীক চিহ্ন পেয়েছেন। তাঁর প্রতীক ‘পেন’। এজন্য এদিন তিনি কীর্তনের দল নিয়ে খোল-করতাল বাজিয়ে এসডিও অফিস চত্বরে আসেন। প্রতীক চিহ্নের ছবি মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে সেখান থেকে বের হওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিজেপি করেও দলে সম্মান পাচ্ছি না। তাই ‘লাল পদ্মকে’ এখান থেকে উপড়ে ফেলারই টার্গেট নিয়েছি। সেজন্যই এখানে প্রার্থী হয়েছি। 

    বিজেপি প্রার্থী শংকর ঘোষের নির্বাচনি এজেন্ট অমিত জৈন বলেন, উনি প্রকৃত বিজেপি নন। তৃণমূলের টাকায় বিজেপির বিরুদ্ধে ভোটে প্রার্থী হয়েছেন। উচিত শিক্ষা পাবেন। তৃণমূল কংগ্রেস নেতা বেদব্রত দত্ত অবশ্য বলেন, নিজের দলের ‘গৃহযুদ্ধ’ সামাল দিতে পারছে না বিজেপি। এখন ওরা তৃণমূলের বিরুদ্ধে গল্প বানাচ্ছে। 

    আর ‘টেবিল’ চিহ্ন নিয়ে ভোটের ময়দানে লড়ছেন সুনীল। শহরের ১২ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ি। এরআগে তিনি দু’বার লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। এবারই প্রথম বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। এদিন বিধান রোডের মা ভবানী কালী মন্দিরে ও মাল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো দিয়ে মহকুমা শাসকের অফিসে আসেন। তিনি বলেন, ২০১৯ সাল থেকে বিজেপি করছি। দলের রাজ্য কমিটির সদস্য। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার হ্যান্ডলুম সেলের কনভেনর। আমি বিজেপির ‘ডামি’ প্রার্থী। দলীয় প্রার্থীকে জেতানোর বার্তা নিয়েই ভোটে লড়ছি। এজন্য প্রার্থীর হয়ে লিফলেট বিলি করব। 

    শিলিগুড়ির বিজেপি প্রার্থীর নির্বাচনি এজেন্ট অবশ্য বলেন, কে, কি বলছেন, তা জানা নেই। এই কেন্দ্রে আমাদের প্রার্থী একজনই। শংকর ঘোষ। তাঁকে জেতাতে বুক চিতিয়ে লড়াই করছি। 

    পেন ও টেবিলের এমন লড়াই ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে জোর চর্চা। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, এই কেন্দ্রে এবার মূল লড়াই হচ্ছে জোড়াফুল ও পদ্মফুলের মধ্যে। উভয়পক্ষের মধ্যে সমানে সমানে টক্কর চলছে। ভোটের দিন বুথ এবং গণনার দিন গণনাকক্ষ নিজেদের কব্জায় রাখতেই যুযুধান দু’পক্ষ এমন কৌশল নিয়েছে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।
  • Link to this news (বর্তমান)