লক্ষ্মীর ভাণ্ডার তুলে ধরে প্রচারের নির্দেশ তৃণমূলের মহিলা কর্মীদের
বর্তমান | ১০ এপ্রিল ২০২৬
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মালদহ বিধানসভায় ১০টি গ্রাম পঞ্চায়েত এবং পুরাতন মালদহ পুরসভার ২০টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ৫০ হাজারের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্য সরকার সেই প্রকল্পে ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছে। এবার এই সুবিধা প্রাপক মহিলাদের ভোটের দিকে বিশেষ নজর দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্পের সুবিধাও অনেকে পেয়েছে বা পাচ্ছে। তৃণমূলের মহিলা কর্মীরা পাড়ায় পাড়ায় বৈঠক করে প্রকল্পের সুবিধা পাওয়া মহিলাদের বেশি করে বোঝাচ্ছেন।
বুধবার রাতে পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি এলাকায় মহিলাদের নিয়ে বৈঠকে সেই দৃশ্য ধরা পড়ে। অন্যদিকে, গ্রামীণ এলাকার মহিলা কর্মীদেরও গল্প করার ফাঁকে ভোট প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। পুরাতন মালদহ ব্লক তৃণমূলের অফিসে মহিলা তৃণমূলের বিশেষ আলোচনা হয়।
সেখানে তৃণমূলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, মালদহ জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ সহ ছ’টি পঞ্চায়েতের বুথ ভিত্তিক মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।
মহিলা তৃণমূলের মালদহ জেলা সম্পাদক তৃপ্তি সাহা বলেন, ছ’টি পঞ্চায়েতের মহিলা কর্মীরা বৈঠকে ছিলেন। মহিলারা দিনভর নিজের কাজ সেরে গল্প করার ফাঁকে রাজ্যের প্রকল্পের কথা মানুষকে বলবেন। এবারে মহিলারা আমাদের সমর্থন করবেন।
কীভাবে প্রচার করবেন মহিলা কর্মীরা? তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পাড়ায় পাড়ায় ওই কর্মীদের সঙ্গে মহিলাদের ভালো যোগাযোগ রয়েছে। তাঁরা দলের কর্মসূচি মেনে বাড়ি বাড়ি তো যাবেনই। পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা কেউ ট্যাপে জল আনতে যান, কেউ বাড়ির পাশে সবজি কিনতে যান, কেউ ছেলে মেয়েকে স্কুলে আনতে যান। নানা সময়ে তাঁদের আড্ডা জমে ওঠে। সেই আড্ডায় গল্প করার ফাঁকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধার কথা মহিলা তৃণমূলের কর্মীরা মানুষকে বোঝাবেন।
উল্লেখ্য, পুরাতন মালদহ জনসভার মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী লিপিকার প্রশংসা করেন। দলের সুপ্রিমোর সেই বার্তা এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি নবরঞ্জন সিনহা। তিনি বলেন, এই বিধানসভায় মহিলা প্রার্থী আমাদের অনেক ফ্যাক্টর। এর আগে এমন মহিলা প্রার্থী আমাদের এলাকায় পাওয়া যায়নি। এদিকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান। সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি।
উত্তর মালদহের বিজেপির সম্পাদক সুজিত দাস অবশ্য বলেন, ক্ষমতায় এলে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার দেব।