• ভোটের মধ্যে স্বস্তি পবন খেরার, আগাম জামিন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • আপাতত স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera)। এক সপ্তাহের জন্য তাঁর আগাম জামিন মঞ্জুর (One-Week Anticipatory Bail) করল তেলেঙ্গানা হাইকোর্ট। অসমে (Assam) ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (CM Himanta Biswa Sarma) স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন পবন। তাঁর দাবি, দুবাই এবং আমেরিকায় বিপুল বিনিয়োগ রয়েছে রিনিকির। এমনকী তাঁর নামে তিনটি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল বলে দাবি করেছিলেন পবন। সঙ্গে সঙ্গে পবনের নামে ফৌজদারি মামলা দায়ের করেন রিনিকি। তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। গ্রেপ্তারির আশঙ্কায় তেলঙ্গানা হাইকোর্টে রক্ষাকবচ চান পবন। সেই মামলাতেই তাঁকে এক সপ্তাহের জন্য স্বস্তি দিল আদালত।

    গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভোট হয়েছে অসমে। তার ঠিক আগে গত রবিবার, কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে নিয়ে গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করেন পবন। সেখানেই রিনিকির বিরুদ্ধে একের পর এক ‘বোমা’ ফাটান তিনি। পবনের অভিযোগ ছিল, বিপুল টাকা কর ফাঁকি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী। আর সেই টাকা বিনিয়োগ করেছেন দুবাই আর আমেরিকায়। তাঁর নামে তিনটি পাসপোর্ট রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

    পরের দিনই প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগে পবনের বিরুদ্ধে FIR দায়ের করেন হিমন্তর স্ত্রী। মানহানির অভিযোগও করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই দিল্লির নিজামুদ্দিনে কংগ্রেস নেতার বাড়িতে পৌঁছে যায় দিল্লি ও অসম পুলিশের যৌথ দল। কিন্তু বাড়িতে ছিলেন না পবন। তল্লাশিতে কিছু ‘আপত্তিকর’ নথি উদ্ধার করা হয় বলে অভিযোগ তদন্তকারীদের। সূত্রের খবর, অসম ও দিল্লি পুলিশ হানা দিতে পারে খবর পাওয়া মাত্র হায়দ্রাবাদে চলে গিয়েছিলেন পবন।

    হায়দরাবাদে পবনের একটি বাড়ি রয়েছে। গ্রেপ্তারির আশঙ্কায় তাই তেলঙ্গানা হাইকোর্টে সুরক্ষাকবচ চান কংগ্রেস নেতা। এ দিন সেই মামলায় তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি। তিনি বলেন, ‘মানহানির অভিযোগে দায়ের করা FIR-এ যে সমস্ত ধারা যোগ করা হয়েছে, তা কল্পনা করা যায়।’ অভিষেকের দাবি, ‘পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলা থেকে প্রতিহিংসার গন্ধ পাওয়া যাচ্ছে।’ শুধু তাই নয়, FIR-টি আইনের অপব্যবহারের একটি ক্লাসিক উদাহরণ বলেও কটাক্ষ করেন তিনি।

    আদালতে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি। তাঁর কথায়, ‘বিজেপি রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ভোটের ময়দানে না লড়ে আইনের অপব্যবহার করছে। কারণ তারা কংগ্রেস নেতাকে চুপ করাতে চায়।’ রিনিকি অভিযোগ দায়ের করলেও এর পিছনে হিমন্ত রয়েছেন বলেও দাবি করেন তিনি। এর পরেই পবনের এক সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে বিচারপতি কে সুজনা বলেন, ‘সংশ্লিষ্ট আদালতে আবেদন করার জন্য পবন খেরাকে এক সপ্তাহের সময় দেওয়া হলো।’

  • Link to this news (এই সময়)