পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে চলা বিতর্কে নতুন মোড়। ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ় করেছে নির্বাচন কমিশন। তবে ট্রাইব্যুনালে ‘বিচারাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী হবে? তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন— এই আশঙ্কায় নতুন আপিল মামলা দায়ের হলো সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত বিষয়ে আগামী ১৩ এপ্রিল অর্থাৎ বাংলার SIR মামলার পরবর্তী শুনানির দিন বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি দু’টি আবেদন মঞ্জুর করেছে। দুই ভোটারের নথি সঠিক ভাবে যাচাই না করে আবেদন বাতিল করা হয়েছিল বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। ফলত, ট্রাইব্যুনালে এরকম ‘বিচারাধীন’ থাকা আরও একাধিক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল বাংলার SIR সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেই দিন এই বিষয়টি বিবেচনা করা হবে। এ ছাড়াও যে ব্যক্তিদের পাসপোর্ট রয়েছে, তাঁদের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হোক বলে আবেদন করা হয়েছিল। সেই আবেদনও ১৩ তারিখ যাচাই করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফা নির্বাচনের জন্য যথাক্রমে ৬ এপ্রিল ও ৯ এপ্রিল মনোনয়নের শেষ দিন ছিল। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরে ভোটার তালিকা ফ্রিজ় করে দেওয়া হয়। এর আগে প্রায় ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাজুডিকেশন’ ভোটারের মধ্যে ৩৩ লক্ষ ভোটারের নাম সংযোজন করা হয়েছিল। ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছেন প্রায় ২৭ লক্ষ ভোটার।