• তিন মাসেরও বেশি নিখোঁজ, সিইও-র নির্দেশে কর্নাটক থেকে উদ্ধার নাবালিকা
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • এই সময়, তমলুক: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন ভোটের কাজ তদারকিতে। গত ৬ এপ্রিল, সোমবার তিনি নন্দীগ্রামে ঘোরার সময়ে তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগ করতে দেখা যায় স্থানীয়দের। তার বেশিরভাগই ছিল নির্বাচন সংক্রান্ত। আরও নির্দিষ্ট ভাবে ভোটার তালিকায় নাম না-ওঠা নিয়ে।

    সেই দলে ছিলেন এক নাবালিকার মা-ও। তাঁর অভিযোগ ছিল ভিন্ন। কেঁদে সিইও-কে জানিয়েছিলেন তাঁর নাবালিকা মেয়ে ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ। পুলিশকে জানানো হলেও কোনও লাভ হয়নি। বিষয়টি তাঁর আওতাধীন নয়। তারপরেও সঙ্গে থাকা পুলিশ কর্তাকে সিইও মনোজ আগরওয়াল বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তার ঠিক দু'দিনের মাথায় কর্নাটক থেকে উদ্ধার হয়েছে ওই নাবালিকা। গ্রেপ্তার করা হয়েছে তাকে কর্নাটকে নিয়ে যাওয়া যুবককে। প্রায় আড়াই মাস যে মেয়ের কোনও খোঁজ পুলিশ পেল না, সিইও-র নির্দেশে তাকে কী করে দু'দিনের মাথায় উদ্ধার করা গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

    নাবালিকার পরিবার জানিয়েছে, মেয়ে নিখোঁজ হওয়ার পরে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্তও শুরু করেছিল। যদিও নাবালিকার কোনও সন্ধান মেলেনি। উৎকণ্ঠা বাড়ছিল পরিবারের। বার বার পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি। এর মাঝেই দোরগোড়ায় মনোজকে পেয়ে নাবালিকার পরিবার তাঁর কাছেই অভিযোগ জানান। সিইও-র নির্দেশ পেয়েই তৎপরতা বাড়ায় পুলিশ। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ করে জানা যায়, নাবালিকা কর্নাটকে রয়েছে।

    পুলিশ সূত্রের খবর, কনটিকে পুলিশের একটি দল পৌঁছে যায়। উদ্ধার করা হয় নাবালিকাকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রামেরই এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রেই দু'জনে একসঙ্গে থাকবে বলে পরিবারকে না-জানিয়ে ভিন রাজ্যে পাড়ি দেয়। উদ্ধার হওয়া নাবালিকা ও ধৃত যুবককে কনটিক থেকে নন্দীগ্রামে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তাঁর মেয়ে ফিরছে বলে বৃহস্পতিবার নাবালিকার মা জানতে পেরেছেন।

  • Link to this news (এই সময়)