• ‘২০ বছর বিরোধী আসনে বসতে রাজি…’, হুমায়ুনের ভিডিয়ো নিয়ে বড় মন্তব্য শাহের
    এই সময় | ১০ এপ্রিল ২০২৬
  • হুমায়ুন কবীরের স্টিং অপারেশনের ভিডিয়ো জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সেই ভিডিয়োয় (যাচাই করেনি এই সময় অনলাইন) বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার ডিল করার কথা শোনা গিয়েছে হুমায়ুনের মুখে। যদিও বিজেপির সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের যোগাযোগ বা আলোচনার অভিযোগ অস্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শাহ বলেন, ‘আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা জানেন। উনি এরকম ২ হাজার ভিডিয়ো বানাতে পারেন। হুমায়ুন কবীর এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মতো দূরত্ব।’ স্টিং অপারেশনের ভিডিয়োয় দুই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা উঠে আসে হুমায়ুনের মুখে।

    বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেই অর্থের বিনিময়ে মুসলিম ভোট ভাগাভাগি করতে হুমায়ুন ভিন্ন দল গড়ে প্রার্থী দিচ্ছেন বলে তথ্য উঠে আসে এই ভিডিয়ো থেকে। তবে অমিতের জবাব, ‘আমাদের মধ্যে কোনও মিল হতে পারে না। বাবরি মসজিদ নির্মাণকারীর সঙ্গে আলোচনায় বসার থেকে আমরা আরও ২০ বছর বিরোধী আসনে বসতে রাজি আছি।’

    হুমায়ুনের সঙ্গে যোগাযোগের বিষয়টি আগেই খারিজ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিয়ো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI-এর সাহায্য নিয়ে করা হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। এ ব্যাপারে সিবিআই তদন্তের দাবি করুন হুমায়ুন, এরকম বার্তাও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে।

  • Link to this news (এই সময়)