• ভোটের মুখে ফের তৎপর ইডি
    আজকাল | ১০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের মুখে ফের ইডি অভিযান রাজ্যে। রেশন দুর্নীতি মামলায় এবার কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ সহ ১২টি জায়গায় নতুন করে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, কলকাতায় লর্ড সিনহা রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এছাড়া পোদ্দার কোর্টে একটি খাদ্য সরবরাহ কোম্পানিতে অভিযান চলছে।

    এটা ঘটনা, কয়েক বছর ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা। কিন্তু এখনও দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারেননি তদন্তকারীরা। দুর্নীতির রহস্যভেদেই শুক্রবার ভোরে ইডি আধিকারিকদের একাধিক দল তল্লাশি অভিযান চালাচ্ছে। 

    শুক্রবার ভোরে কলকাতার পাশাপাশি বনগাঁ, মুর্শিদাবাদ, হাওড়া–সহ মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে চলছে চিরুনি তল্লাশি। জানা গিয়েছে শুক্রবার পোদ্দার কোর্টের ৮ তলায় ৩ নম্বর গেটের এক ব্যবসায়ী, মিন্টো পার্কে এক ব্যবসায়ীর একাধিক অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। লর্ড সিনহা রোডে ওই ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার হন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক ব্যবসায়ীর নাম ইডির হাতে আসে। সেই সূত্রেই শুক্রবারের এই তল্লাশি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি সূত্রে খবর, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে এই তল্লাশি অভিযান চলছে। 

    প্রসঙ্গত, ২০২০ সালে রেশনে দুর্নীতির তথ্য পুলিশের হাতে আসে। যার তদন্তভার পায় ইডি। একে একে অনেককেই গ্রেপ্তার করা হয়। যার মধ্যে অনেকেই জামিন পেয়েছেন। আবার অনেকেই এখনও জেলে রয়েছেন। 
  • Link to this news (আজকাল)