• ভিডিও বিতর্কে উত্তাল বঙ্গ রাজনীতি, হুমায়ুন প্রসঙ্গে তৃণমূলকে তোপ অমিত শাহর
    দৈনিক স্টেটসম্যান | ১০ এপ্রিল ২০২৬
  • তৃণমূলের দাবি, ভিডিওতে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে শোনা গিয়েছে, যেখানে তিনি নাকি রাজ্যের মুসলিম ভোট বিজেপির দিকে ঘোরাতে এক হাজার কোটি টাকা দাবি করেছেন। এমনকী ৩০০ কোটি টাকা আগাম নেওয়ার কথাও উল্লেখ রয়েছে বলে দাবি শাসক শিবিরের। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    শুক্রবার এই বিষয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ স্পষ্ট ভাষায় সমস্ত অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আদর্শগতভাবে হুমায়ুন আর বিজেপি হল উত্তর মেরু আর দক্ষিণ মেরু।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিরোধীদের আসনে ২০ বছর বসে থাকতে রাজি আছি। কিন্তু বিজেপি কখনও এই ধরনের মানুষের সঙ্গে হাত মেলাবে না।’ এখানেই থেমে থাকেননি শাহ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘উনি চাইলে এমন একটা-দু’টো নয়, হাজার হাজার ভিডিও তৈরি করাতে পারেন।’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

    অন্যদিকে, হুমায়ুন কবীর আগেই দাবি করেছেন, এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে হেনস্থা করতেই এই ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে হুমায়ুনের রাজনৈতিক অবস্থান বড়সড় ধাক্কা খেয়েছে। বাংলায় তাঁর দলের সঙ্গে মিমের জোট ছিল। কিন্তু ভিডিও প্রকাশ্যে আসার পরেই সেই জোট থেকে সরে দাঁড়িয়েছে মিম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সমাজের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এমন কারও সঙ্গে তারা সম্পর্ক রাখবে না।’

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্ক ভোটের আগে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে শাসক তৃণমূলের দাবি, ‘সত্য সামনে আসছে বলেই বিরোধীরা অস্বস্তিতে পড়েছে’। অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে। ফলে ভোটের আগে এই ইস্যু আরও বড় রাজনৈতিক সংঘর্ষে রূপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)