• সেনাশিবিরে সোলার ক্যামেরা, বানচাল ISI-খালিস্তানি যৌথ নাশকতার ছক! দিল্লি পুলিশের জালে পাক চর
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • দিল্লি ও পাঞ্জাবে বড় মাপের পাক গুপ্তচর চক্রের পর্দাফাঁস! পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের (BKI) সঙ্গে যুক্ত এই নেটওয়ার্ক বলে দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেলের। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক ঘাঁটির কাছে সোলার-চালিত CCTV ক্যামেরা বসিয়েছিল অভিযুক্তরা। এই ক্যামেরাগুলির মাধ্যমে সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে লাইভ ফিড পাঠানো হতো। এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে তারা নির্দেশ পেত।

    দিল্লি ও পাঞ্জাবে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, আকাশ মসিহ এবং জাবলাউন নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫টি হ্যান্ড গ্রেনেড, IED তৈরির সরঞ্জাম, ডেটোনেটর এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ৪টি আগ্নেয়াস্ত্র এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি মূলত যুবকদের মগজধোলাই করে নাশকতা ও গুপ্তচরবৃত্তির কাজে লাগাত। UPI লেনদেন এবং অবৈধ অস্ত্র পাচারের মাধ্যমে এদের কাছে টাকা আসত। সামরিক গোয়েন্দাদের সাহায্যে পাঞ্জাবে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সেনাশিবিরের তথ্য ও ছবি পাচার করত। পুলিশ জানিয়েছে, এই মডিউলটি গোটা দেশে বড় মাপের নাশকতার ছক কষছিল।

  • Link to this news (এই সময়)