আজকাল ওয়েবডেস্ক: হুগলির দুটি পৃথক ঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গায় তলিয়ে গেল দুই ব্যক্তি। এর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হলেও অন্যজনের খোঁজে তল্লাশি চলছে।
চন্দননগরের শিববাটি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় বছর ষোলোর কিশোর ইমরান আলম। সে চন্দননগর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ আলমের ছেলে। জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কাছেই শিববাটি ঘাটে যায় ইমরান।
সেখানে স্নান করতে নেমেই আচমকা জলে তলিয়ে যায় সে। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি।
খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর দেওয়া হয়। কিশোরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম নিশান ভুঁইয়া (৩৬)। তিনি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে বাবা-মায়ের সঙ্গে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে শ্যাওড়াফুলিতে এসেছিলেন। ঘাট থেকে জল তুলতে গিয়ে অসাবধানতাবশত গঙ্গায় পড়ে তলিয়ে যান তিনি।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।