• বাবরি প্রস্তুতকারীদের সঙ্গে বন্ধুত্ব নয় বিজেপির: শাহ
    আজকাল | ১১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ২০ মিনিটের একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) সমাজমধ্যমে ছড়িয়ে পরে। সেখানে দেখা গিয়েছে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরকে ১০০০ কোটি টাকার বিনিময়ে বিজেপিকে সমর্থন, মুসলিম ভোটারদের বোকা বানিয়ে একত্রিত করা এবং আরও নানা বিষয়ে কথা বলতে। সেই ‘স্টিং’ ভিডিও প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, “পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণকারীদের সঙ্গে থাকার চেয়ে বিজেপি বরং ২০ বছর বিরোধী দলে বসে থাকবে।”

    শুক্রবার রাজ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। সেই উপলক্ষে শহরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইস্তেহার প্রকাশের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম দু’হাজার ভিডিও তৈরি করতে পারেন। তিনি বলেন, “আপনারা হয়তো মমতা দেবীর ক্ষমতা সম্পর্কে অবগত নন। তিনি এই ধরনের দু’হাজারটি ভিডিও তৈরি করতে সক্ষম। হুমায়ুন কবীর এবং বিজেপি হল দক্ষিণ মেরু আর উত্তর মেরুর মতো। আমরা কখনওই এক হতে পারি না। যাঁরা বাংলায় বাবরি মসজিদ নির্মাণ করতে চায়, তাঁদের পাশে বসার চেয়ে আমরা বরং আরও ২০ বছর বিরোধী দলে বসে থাকব।”

    এর আগে, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ হুমায়ুনকে উপহাস করে বলেছিলেন যে, তিনি ১০০ কোটি টাকাই পাওয়ার যোগ্য নন, ১,০০০ কোটি টাকা তো দূরের কথা। 

    হুমায়ুন যদিও দাবি করেছেন, তাঁকে বদনাম করার জন্য এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। তৃণমূল কোনও প্রমাণ দিতে ব্যর্থ হলে তিনি মানহানির মামলা করার হুমকিও দিয়েছেন। তাঁর দাবি, “মুসলিম ভোট হারানোর ভয়ে ভীত তৃণমূলের এটি আমাকে কলঙ্কিত করার একটি প্রচেষ্টা। তারা এআই-এর মাধ্যমে কিছু বক্তব্য বসিয়ে মুসলিমদের অনুভূতিকে উপহাস করে এমন একটি ভুয়ো ভিডিও প্রকাশ করে সম্প্রদায়কে অপমান করেছে।”




    তবে, এই ব্যাখ্যায় তাঁর মুখরক্ষা বিশেষ হয়নি। হুমায়ুনের নবগঠিত দলকে সমর্থনকারী আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম শুক্রবার সকালে আমজনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) সঙ্গে তাদের জোট ছিন্ন করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রকাশিত ‘স্টিং’ ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে নিয়মতি যোগাযোগ রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের। এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর। এই ভিডিও সামনে আসতেই হুমায়ুন কবীর এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে।
  • Link to this news (আজকাল)