• 'শেখ হাসিনা অনুপ্রবেশকারী না শরণার্থী?' বাংলাদেশ ইস্যুতে শাহকে চ্যালেঞ্জ অভিষেকের
    আজ তক | ১১ এপ্রিল ২০২৬
  • বিজেপির ইস্তাহার নিয়ে একগুচ্ছ চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী ইস্যুতে শেখ হাসিনার দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন তুলে দেন সাংসদ। তিনি বাংলাদেশি হয়ে কেন দিল্লিতে থাকছেন? এও প্রশ্ন তোলেন। এছাড়া, মহিলাদের ৩ হাজার টাকা, বেকার যুবক-যুবতীদের চাকরি নিয়ে 'জুমলা' করছে বিজেপি, দাবি অভিষেকের।

    বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া সহ, অনুপ্রবেশকারীর সাহায্যকারীদের জেলে ভরার দাবি করেছে। শুক্রবার বিজেপির ইস্তেহারেও বলা হয়েছে অনুপ্রবেশকারীদের প্রতি জিরো টলারেন্স-এর। সেই প্রসঙ্গেই অভিষেকের দাবি, "দেড় বছর ধরে শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? নরেন্দ্র মোদীর সরকার কী কারণে তাঁকে আশ্রয় দিয়েছেন? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন?"

    অভিষেক এও প্রশ্ন তোলেন, "বাংলাদেশে চিন্ময় প্রভুর ওপর যে অত্যাচার করা হয়েছিল, তখন বিজেপি কি পদক্ষেপ নিয়েছে?"

    শুক্রবার নিউ টাউনের এক হোটেলে দলের ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে। সেইসময়ই তাঁর কথায় উঠে আসে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথা।

    গত কয়েক বছরে অমিত শাহ যতবার রাজ্য সফরে এসেছেন ততবারই অনুপ্রবেশ ইস্যু শোনা গেছে তাঁর মুখে। 
  • Link to this news (আজ তক)