মথুরা, ১০ এপ্রিল: আজ, শুক্রবার মথুরার বৃন্দাবনে নৌকাডুবিতে মৃত্যু হল ৯ জনের। নিখোঁজ একাধিক মানুষ। এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বৃন্দাবনের যমুনা নদীর কেশী ঘাটের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, হতাহতরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা। তাঁরা তীর্থযাত্রী এবং পর্যটক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পনটুন ব্রিজে মেরামতির কাজ চলছিল। সেই সময় আচমকাই নৌকাটি ব্রিজে ধাক্কা মারে। এরপর ভারসাম্য হারিয়ে মাঝনদীতে উল্টে যায়। জলে ডুবে মৃত্যু হয় ৯ জনের। বাকিদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য নৌকার মাঝিরা। ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে কেশী ঘাটে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দলও। বর্তমানে নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। নামানো হয়েছে ডুবুরিও। মথুরা জেলা প্রশাসন পুরো বিষয়টির উপর নজর রেখেছে। এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।