• অবশেষে শরিকদের নিয়ে ইটাহারে নির্বাচনি প্রচারে নামল সিপিআই
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • দিবাকর মজুমদার, ইটাহার: অবশেষে সিপিআই প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে নামল বামফ্রন্ট। বৃহস্পতিবার সুসজ্জিত পিকআপ ভ্যানে ইটাহার গ্রাম পঞ্চায়েতের পাড়ায় পাড়ায় প্রচার সারলেন বাম মনোনীত সিপিআই প্রার্থী উৎপল দাস। প্রচারে তাঁর প্রাক্তন আপ্তসহায়ক তথা আইনজীবী উত্পলকে নিয়ে চষে বেড়ালেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়। রাজ্যের হাল ফেরাতে মানুষের কাছে লাল ঝান্ডার প্রতি আস্থা রাখার আবেদন জানান সিপিআই প্রার্থী। প্রার্থী ঘোষণার পরও সিপিআই প্রার্থীর সমর্থনে এতদিন প্রচারে দেখা যায়নি শরিক দলগুলিকে। এনিয়ে ক্ষোভের চোরাস্রোত বইছিল বামফ্রন্টের অন্দরে। ভোট এগিয়ে আসতেই বরফ গলেছে। সিপিএমের দাবি, দলগত বৈঠক হতে দেরি হওয়ায় প্রচারে নামতে দেরি হয়েছে। এদিন সকাল থেকে পিকআপ গাড়িতে পাইকপাড়া, সোহাইর, ঘেড়া, দিগনা, ইটাহার সদর, রানিপুর, উত্তরপাড়া, গোঠলু, কামালপুর, শ্রীপুর, চালুনিয়া, বাগবাড়ি হয়ে ইটাহার হাটখোলা এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী। 

    প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার বলেন, আজ শরিক দলগুলিকে নিয়ে একসঙ্গে প্রচারে নেমেছি। প্রচারে ভালো সাড়া পাচ্ছি। এদিন প্রচারের মাঝে দলীয় এক কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া করেন বামপ্রার্থী। তারপর ফের প্রচার শুরু করেন। প্রার্থী উৎপল বলছেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। বোঝা যাচ্ছে মানুষ আবার লাল ঝান্ডার উপর আস্থা রাখতে চাইছে।

    হিসেব বলছে, গত বিধানসভা ভোটে সর্বসাকুল্যে বামপ্রার্থী শ্রীকুমার মাত্র ৫ হাজার ভোট পান। ইটাহারে বামেদের সংগঠন নেই বললেই চলে। তাই বামেদের প্রচারকে পাত্তা দিতে নারাজ জোড়াফুল। তৃণমূলের ইটাহার ব্লক সভাপতি কার্তিক দাস বলছেন, এবারও বামেরা লাস্টবয় হবে। 
  • Link to this news (বর্তমান)