নিজস্ব প্রতিনিধি, মালদহ: চোখের জলে ডালুবাবুকে বিদায় জানাল মালদহ। প্রয়াত কংগ্রেস নেতাকে শেষশ্রদ্ধা জানাতে কোতোয়ালিতে উপচে পড়ল মানুষের ভিড়। কংগ্রেসের পাশাপাশি নির্বাচনি কর্মসূচি বাতিল করে তৃণমূল কংগ্রেসও। বৃহস্পতিবার কোতোয়ালিতে দাদা বরকত গনি খানের পাশেই সমাধিস্ত করা হয়েছে তাঁর ভাইকে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আবু হাসেম খান চৌধুরী। রাজনৈতিক মহলে তিনি অবশ্য ডালুবাবু নামেই পরিচিত। কয়েকমাস কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত দশটা নাগাদ প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর।
কেন্দ্রে ইউপিএ সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন আবু হাসেম খান চৌধুরী। তাঁর রাজনৈতিক জীবনের উত্থান কালিয়াচক থেকে। এই আসনে ১৯৯৬ সালে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ২০০৬ পর্যন্ত তিনি টানা বিধায়ক ছিলেন। গনিখান চৌধুরীর মৃত্যুর পর ডালুবাবু মালদহ লোকসভা আসন থেকে জিতে প্রথমবার সংসদে গিয়েছিলেন। মালদহ কেন্দ্র ভেঙে মালদহ দক্ষিণ ও উত্তর লোকসভা কেন্দ্র হওয়ার পর ২০০৯ সালে তিনিই প্রথম মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। ২০২৪ সাল পর্যন্ত টানা ডালুবাবু ওই কেন্দ্রের এমপি ছিলেন। গত লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ থেকে তাঁর ছেলে ঈশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্বিতা করে জয়ী হন।
বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ডালুবাবুর মরদেহ নিয়ে গাড়ি মালদহের উদ্দেশ্যে রওনা হয়। মাঝে মুর্শিদাবাদ, এনটিপি মোড়, কালিয়াচক, সুজাপুরে কংগ্রেস কর্মীরা তাঁকে শেষশ্রদ্ধা জানান। বিকেলে ইংলিশবাজার শহরের বিএস রোডে জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে প্রয়াত নেতার দেহ এসে পৌঁছয়। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে তখন হায়াত ভবনে অগুনতি মানুষের ভিড়। সেখানেই শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার মুখপাত্র শুভময় বসু, দলের কাউন্সিলার উদয় চৌধুরী। সিপিএমের তরফে ছিলেন জেলা সম্পাদক কৌশিক মিশ্র।
প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন মালদহের ১২টি বিধানসভা কেন্দ্রেই নির্বাচনি কর্মসূচি স্থগিত রাখে জেলা কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ইংলিশবাজার কেন্দ্রে প্রার্থী আশিস কুন্ডুর নির্বাচনি কর্মসূচি ছিল ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় তৃণমূল কাউন্সিলার গায়েত্রী ঘোষ এবং আশিস কুন্ডু প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের কর্মসূচি বাতিল করেন। আশিস বলেন, প্রাক্তন সাংসদ ডালুবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এদিনের সমস্ত কর্মসূচি বাতিল করেছি।
এদিন শয়ে শয়ে কংগ্রেস কর্মী মিছিল করে ডালুবাবুর মৃতদেহ হায়াত ভবন থেকে কোতোয়ালির উদ্দেশ্যে নিয়ে যান। পথে বিএস রোড, সুকান্ত মোড়ে, ভবানী মোড়, ঝলঝলিয়া অঞ্চলে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাঁদের নেতাকে শেষবার দেখার জন্য।
কোতোয়ালিতে মৃতদেহ পৌঁছতেই মানুষের ঢল নেমে আসে। সেখানে ছিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক নীহার রঞ্জন ঘোষও। শোকস্তব্ধ ভাগ্নি তথা মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর বলেন, মামার কথা আর কী বলব। সমস্ত স্মৃতি আজ চোখের সামনে ভাসছে। • ফাইল চিত্র।