• মোদির সভার দিনই পদ্মের শক্ত ঘাঁটিতে প্রচারে ঝড় তুললেন সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: একদিকে যখন সিউড়ি শহরের চাঁদমারি ময়দানে প্রধানমন্ত্রীর হাইভোল্টেজ সভা চলছে, ঠিক সেইদিনই ঘাসফুলের জমি শক্ত করতে প্রচার চালালেন সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। স্রেফ প্রচার নয়, বরং রীতিমতো দাপিয়ে বেড়ালেন বিজেপির বুথস্তরের শক্ত ঘাঁটিগুলিতে। গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় বিজেপি বড়োসড়ো ব্যবধানে লিড পেয়েছিল, বৃহস্পতিবার সেইসব এলাকাতেই প্রচারে গিয়েছিলেন উজ্জ্বল। প্রার্থীর দাবি, সাধারণ মানুষের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। বিশেষ করে সিউড়ির সংখ্যালঘু অধ্যুষিত বাঁশজোড়ে যখন প্রার্থী বাড়ি বাড়ি প্রচার করছিলেন, তখন তাঁর সঙ্গে শয়ে শয়ে সাধারণ মানুষ পা মেলান।

    বৃহস্পতিবার সকাল থেকেই সিউড়ির তিলপাড়া অঞ্চলের অজয়পুর, বারুইপুর এবং বাঁশজোড়ে জনসংযোগ সারেন উজ্জ্বলবাবু। এরপর মল্লিকপুর অঞ্চলের নহুদুরি, গোবিন্দপুর, চাকদা ও বিদ্যাপুরেও একের পর এক পথসভা করেন তিনি। উল্লেখ্য, অজয়পুর ও চাকদার মতো গ্রামগুলিতে বিজেপির সাংগঠনিক প্রভাব যথেষ্ট জোরালো। গত লোকসভায় চাকদা থেকে বিজেপি ভালো লিড পেয়েছিল। কিন্তু, এদিন সেই ছবিটা ছিল একেবারেই ভিন্ন। উজ্জ্বলবাবুর প্রচারে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে শামিল হন। ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় প্রার্থীকে।

    জনসংযোগের মাঝেই প্রার্থীর কাছে গ্রামবাসীরা উগরে দিলেন কেন্দ্রের প্রতি ক্ষোভ। ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চনা, প্রতিটি বুথেই গ্রামবাসীদের নালিশ শুনতে হয় প্রার্থীকে। এর দায় সরাসরি কেন্দ্রের উপর ঠেলে দিয়ে উজ্জ্বলবাবু বলেন, ‘মানুষ আর বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলছে না। কেন্দ্রের বঞ্চনা আজ প্রতিটি মানুষের ঘরের জ্বালা হয়ে দাঁড়িয়েছে। তাই বিজেপির জেতা বুথেও আজ মানুষ তৃণমূলকে দু’হাত তুলে আশীর্বাদ করছে।’

    যদিও বিজেপির জেলা সহ সভাপতি দীপক দাস পাল্টা কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রীর সভায় মানুষের যে ভিড় আর স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গিয়েছে, তাতেই প্রমাণ হয়ে গিয়েছে এবার সিউড়ি সহ গোটা জেলাতেই বিজেপি জিতছে। তৃণমূল এখন হার বাঁচানোর জন্য বিজেপির বুথে বুথে ঘোরার নাটক করছে।

    তৃণমূলের শহর সহ সভাপতি রমারঞ্জন চট্টোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘মোদিজি এসে কেবল ভাষণ দিয়ে যাচ্ছেন, আর আমাদের প্রার্থী মানুষের ঘরের দরজায় পৌঁছে যাচ্ছেন। চাকদার মতো এলাকায় বিজেপির দাপট ছিল ঠিকই, কিন্তু আজ সেখানকার উচ্ছ্বাসই বলে দিচ্ছে এখানকার মানুষ এবার বঞ্চনার জবাব ব্যালট বক্সে দেবেন।’
  • Link to this news (বর্তমান)