নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মাহা সংকটে এবার হুমায়ুন কবীর। আমজনতা উন্নয়ন পার্টি তথা হুমায়ুন কবিরের সঙ্গে জোট থেকে সরে দাঁড়ালেন মিম পার্টি তথা আসাদউদ্দিন ওয়াইসি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) একক ভাবেই লড়াই করবে। ওয়েইসির দলের তরফে সোশ্যাল মিডিয়ায় এমনই ঘোষণা করা হয়েছে । সেখানে স্পষ্টতই জানানো হয়, 'মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম হুমায়ূন কবিরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে'। বৃহস্পতিবার তৃণমূলের তরফে সামাজিক মাধ্যমে একটি ১৯ মিনিটের ভিডিও প্রকাশ করা হয় (যার সত্যতা যাচাই করেনি বর্তমান)। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একজনের সঙ্গে কথা বলছেন হুমায়ুন। দু’জনের কথোপকথন স্পষ্ট। হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, ‘মুসলিমদের বোকা বানানো খুব সহজ একটা কাজ।’ আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভের মুখে পড়েন হুমায়ুন। সঙ্গে ক্ষোভে ফুঁসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। যদিও হুমায়ুনের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে।
এবার সেই ভিডিও এর নিরিখেই হুমায়ুনের সঙ্গ ত্যাগ করলেন আসাউদ্দিন ওয়াইসি। মিম পার্টির এক্স হ্যান্ডলে বলা হয়, ' হুমায়ুন কবীরের প্রকাশিত তথ্যগুলো দেখিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। মুসলমানদের সততা নিয়ে প্রশ্ন তোলা হয় এমন কোনো বক্তব্যের সঙ্গে এআইএমআইএম যুক্ত হতে পারে না। আজ থেকে এআইএমআইএম কবীরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করেছে। বাংলার মুসলমানরা সবচেয়ে দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত সম্প্রদায়গুলোর একটি। কয়েক দশকের তথাকথিত ধর্মনিরপেক্ষ শাসন সত্ত্বেও তাদের জন্য কিছুই করা হয়নি। যে কোনো রাজ্যে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এআইএমআইএমের নীতি হলো প্রান্তিক জনগোষ্ঠীর একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর নিশ্চিত করা।আমরা বাংলার নির্বাচনে স্বাধীনভাবে (এককভাবে) প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে কোনো জোট থাকবে না'।