• ৯০ লক্ষের নাম বাদ গেলেও জিতব, বিজেপির বিরুদ্ধে প্রত্যয়ী হুংকার মমতার
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি: এসআইআর পর্বের শুরুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বেছে বেছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে আশঙ্কা তাঁর ছিল, সেটাই কার্যত বাস্তব রূপ নিয়েছে। প্রথমে লজিকাল ডিসক্রিপেন্সি, আর তারপর অ্যাডজুডিকেশন। এসআইআর ‘যন্ত্রে’ বাদ পড়েছে বাংলার ৯০ লক্ষাধিক ভোটারের নাম। কিন্তু ‘বিজেপি-কমিশনের এই চক্রান্ত’ সত্ত্বেও বাংলা দখলের স্বপ্ন অধরাই থাকবে বলে হুংকার দিলেন মমতা। তাঁর আক্রমণ, ‘ওরা সব ছদ্মবেশী। এত নাম কেটেও লজ্জা নেই! ভোট আসতেই ফের বাংলার কথা মনে পড়েছে। বলছে, যাঁদের নাম বাদ গিয়েছে, সবাই অনুপ্রবেশকারী।’ তাঁর প্রত্যয়ী বার্তা, ‘মনে রাখবেন ৯০ লক্ষের নাম বাদ দিলেও জিতব আমরাই।’ 

    বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জুড়ে চার জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনি সভা করেন মমতা। পদযাত্রা করেন বরানগরে। এদিন সকালে ঝড়-জলের কারণে তৈরি হওয়া সমস্যাকে উপেক্ষা করেই হাজারো মানুষ ভিড় জমান প্রতিটি জনসভায়। তাঁদের সাক্ষী রেখেই মোদি-শাহের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন বাংলার অগ্নিকন্যা। এদিন রাজ্যে এসে মমতার সরকারের সমালোচনা করে একাধিক তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদির এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়ে মমতার তোপ, ‘উনি ভয় পেয়েছেন বলেই আজ সবাইকে ভয় দেখাচ্ছেন। এখানে টেলিপ্রম্পটার দেখে বলছেন, সুনার বাংলা গড়বেন। আর অন্যদিকে বাংলার মানুষের নাম কাটছেন। ডবল ইঞ্জিন রাজ্যে গেলেই বাংলার বাসিন্দাদের উপর অকথ্য অত্যাচার চলছে। তাই এদের বিশ্বাস করবেন না। একটা ভোটও দেবেন না। মনে রাখবেন স্বৈরাচারী, অত্যাচারী, ভোটকাটারি বিজেপির এই বাংলায় কোনো জায়গা নেই।’ 

    চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিজেপির তরফে এক কোটি বাংলাদেশি-রোহিঙ্গার নাম বাদ যাবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু কমিশনের তরফে একজন রোহিঙ্গার অস্তিত্বও প্রকাশ্যে আসেনি। আর এদিন রাজ্যে মোদি থাকাকালীনই বাংলার মানুষের অস্মিতায় আঘাতের প্রতিবাদ জানিয়ে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তুললেন, ‘আমরা সবাই রোহিঙ্গা? বাংলাদেশি? এই দেশে জন্ম নিয়ে এই অপবাদ দিতে হবে। আসলে এই ছদ্মবেশী মুখোশধারীরা বাংলার নামে মিথ্যা বলছে।’

    সেই সূত্রেই বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তাঁর উপরই মানুষকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মমতা। বলেছেন, ‘বিজেপির সব ছলনার জবাব দিয়ে ওদের পরাস্ত করতে হবে। আজও বলে যাচ্ছি, মাথা নত করব না। ভুলে যান কে প্রার্থী। মনে রাখবেন আমি আছি। আমার মুখটা মনে রাখবেন। সময়ে-অসময়ে আমরাই পাশে থাকি। আর ভোট মিটলেই ওরা ভ্যানিশ হয়ে যায়। ফলে দিল্লির জমিদার নয়, আমার উপর ভরসা রাখুন।’ 

    একই সঙ্গে দলীয় কর্মীদেরও সতর্ক করে দিয়েছেন মমতা। এদিন পানিহাটির সভা থেকে তাঁর সাফ বার্তা, ‘এখানে সব কাউন্সিলার এবং প্রার্থীরা আছেন। যে যতই বড়োই নেতা হোন, সবুজ ধ্বংস, পুকুর ভরাট, মাঠ দখল করা যাবে না। আমার কাছে পানিহাটির একটা মাঠ দখলের খবর এসেছিল। আটকে দিয়েছি। যাঁরা লোভ, জবরদস্তি করবেন, তাঁদের জন্য তৃণমূল নয়।’
  • Link to this news (বর্তমান)