• বালির সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার, নজর কাড়ছে তৃণমূলের ‘স্পেশাল ২৬’
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালির ভোটযুদ্ধে তৃণমূলের ইস্তাহার ‘স্পেশাল ২৬’। এটা শুধু সুনির্দিষ্ট নাগরিক পরিষেবা প্রদানের অঙ্গীকারই নয়, গঙ্গার পশ্চিম কূলের ‘দোয়াত-কলম-কালির শহর’ হিসাবে পরিচিত এই জনপদের সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টিকেও নতুনভাবে তুলে ধরার স্পষ্ট বার্তাও উঠে এসেছে।

    বুধবার বিকালে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এই ইস্তাহার প্রকাশ করেন বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। ইস্তাহারের অন্যতম আকর্ষণ শতাব্দীপ্রাচীন কেদারনাথ আরোগ্য ভবন ও সিলভার জুবিলি হাসপাতালের সংস্কার। পাশাপাশি প্রতি রবিবার পঞ্চাননতলা ঘাটে বারাণসীর আদলে গঙ্গা আরতির আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য, ‘ক্লিন বালি, গ্রিন বালি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডকে আবর্জনামুক্ত করা, বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালুর পরিকল্পনা রয়েছে সেখানে।

    এছাড়া নিরাপত্তা জোরদার করতে বালি, বেলুড় ও লিলুয়া এলাকাজুড়ে সিসিক্যামেরার নজরদারির কথাও বলা হয়েছে। ইস্তাহারে তৃণমূলের দাবি, জনসংযোগ বাড়াতে চালু হবে ‘আপনার কথা’ কমপ্লেইন বক্স এবং মাসে দু’বার ‘জনতার দরবার’। জিটি রোডের সৌন্দর্যায়নের পাশাপাশি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে তিনটি ঐতিহ্যবাহী তোরণ তৈরির পরিকল্পনাও রয়েছে। শিক্ষাক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের সহায়তা, স্কুল-কলেজ সংস্কার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    পাশাপাশি, পরিকাঠামোগত উন্নয়নে বালি ও বেলুড় স্টেশনের আন্ডারপাস সংস্কার, বালি-শিবপুর বাস পরিষেবা চালু এবং বেলুড় শ্মশানে বৈদ্যুতিক চুল্লি স্থাপনের পরিকল্পনা রয়েছে তৃণমূল প্রার্থীর ইস্তাহার। এছাড়া নিকাশি ব্যবস্থার জন্য আলাদা মাস্টার প্ল্যান, খেলার মাঠ ও পুকুর সংস্কার এবং পোষ্য প্রাণীদের জন্য আধুনিক হাসপাতাল গড়ার কথাও উল্লেখ করা হয়েছে। ভোটবাগানে একটি কমিউনিটি হল তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই বুথে বুথে বাড়ি বাড়ি এই ইস্তাহার বিলি শুরু করেছেন তৃণমূল কর্মীরা। রাজনৈতিক মহলের মতে, সুসংগঠিত ও বহুমুখী এই ইস্তাহার নির্বাচনি প্রচারে তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রাস্তা ও নিকাশির সংস্কার শুরু হওয়ায় প্রার্থীর তৎপরতায় সন্তুষ্ট স্থানীয় বাসিন্দাদের বড় অংশ।
  • Link to this news (বর্তমান)