• আমতলার যানজট মোকাবিলায় এবার উড়ালপুলের পরিকল্পনা
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের লাইফলাইন হল ১১৭ নম্বর জাতীয় সড়ক। আমতলা চৌরাস্তাই হল এই এলাকার প্রাণকেন্দ্র। এই মোড় থেকে বাঁদিকে যে রাস্তা চলে গিয়েছে, তা গিয়ে মিশেছে বারুইপুরে। আর ডানদিকের রাস্তাটি পশ্চিমে নিবারণ দত্ত রোড হয়ে বিবিরহাট, বাখরাহাট, মুচিসা দিয়ে ফলতায় চলে গিয়েছে। মুচিসা থেকে আবার একটি রাস্তা চলে গিয়েছে চড়িয়াল হয়ে বজবজ, পুজালিতে। দক্ষিণে সোজা গেলে ডায়মন্ডহারবার, কুলপি, সাগর। ফলে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর আমতলা চৌরাস্তা দক্ষিণের জংশনে পরিণত হয়েছে। 

    আমতলা বাস স্ট্যান্ডেই কথা হল রুইদাস মণ্ডলের সঙ্গে। দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে রয়েছেন বাসের জন্য। কৃপারামপুরে যানজটের কারণে আটকে রয়েছে বাস। কথায় কথায় তিনি বললেন, ‘সকাল-বিকাল যখনই আমতলায় আসি, তখনই দেখি যানজট। আসলে রাস্তার উপর দু’দিকে দোকান। তার উপর যত্রতত্র পার্কিং করা থাকে বাইক, সাইকেল। অটো, টোটো আর ম্যাজিক গাড়ির কথা তো ছেড়েই দিন। গোটা রাস্তাকেই তারা স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। ফলে যা হওয়ার তাই, আমতলায় যানজট।’ আমতলা থেকে বারুইপুরের দিকে একটু এগলেই সবজির পাইকারি বাজার। সেই বাজারের ব্যবসায়ীদের একটাই দাবি, আমতলা মোড়ে উড়ালপুল তৈরি হলে পাকাপাকিভাবে যানজটের সমস্যা দূর হবে। পুলিশ অবশ্য  বছর দুয়েক আগে অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্ত করেছিল। সরানো হয়েছিল অটো স্ট্যান্ড। ফলে কিছুদিনের জন্য যানজট একেবারেই কমে গিয়েছিল। এ প্রসঙ্গে সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতাল বলেন, এ নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। এখানে উড়ালপুল তৈরির পরিকল্পনা রয়েছে সাংসদের। যানজট দূর করতে আগামী দিনে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। সোমাশ্রী বলেন, আমতলায় বড়ো বাস টার্মিনাস তৈরি হয়েছে, দমকল কেন্দ্র তৈরির কাজ চলছে। ডায়মন্ডহারবার রোডকে যানজট মুক্ত করতে ভবিষ্যতে অটো, টোটোর জন্য অন্যত্র স্ট্যান্ড তৈরি করে দেওয়া হবে। একইসঙ্গে আগামী দিনে উড়ালপুল তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের। ভোট প্রচারে বিরোধীরাও আমতলা মোড়ে উড়ালপুল তৈরির দাবিতে সরব হয়েছেন।
  • Link to this news (বর্তমান)