শালিমার স্টেশন থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার, ধৃত নেপালের বাসিন্দা
বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার সন্ধ্যায় হাওড়ার শালিমার স্টেশনে আরপিএফ ও জিআরপি-র যৌথ অভিযানে ২৩ লক্ষ ৬৩ হাজার টাকার বিদেশি ও ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বিশেষ তল্লাশি চলাকালীন ২ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। ধৃত ইন্দ্র বাহাদুর কাটুয়াল (৪১), নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে উদ্ধার টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি। তাঁর ব্যাগ থেকে ইউরো, মার্কিন ডলার, নেপালি ও ভারতীয় মুদ্রা উদ্ধার হয়। ঘটনাস্থলেই এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়। শালিমার জিআরপির এক আধিকারিক জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।