• ভোট চাইতে বৃষ্টি মাথায় নিয়ে মানুষের দুয়ারে ঘুরলেন বিভিন্ন দলের প্রার্থীরা
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: কারোও বাড়ি বাড়ি জনসংযোগ করার কর্মসূচি ছিল। কেউ আবার পদযাত্রা করে এলাকা পরিক্রমার অনুমতি নিয়ে রেখেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয় দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। এদিকে শিয়রে যে ভোট! ফলে বৃষ্টির জন্য একবেলাও প্রচার নষ্ট করতে নারাজ বেশিরভাগ প্রার্থী। তাই ছাতা মাথায় দিয়েই এলাকায় প্রচার সারলেন অনেকেই। কেউ আবার বৃষ্টি থামার অপেক্ষায় বসে রইলেন পার্টি অফিসে। তবে এদিন আবহাওয়ার কারণে একাধিক প্রার্থীর প্রচার নির্ধারিত সময়ের অনেক পরেই শুরু হয়েছে।

    এদিন সকালে গোসাবার আরএসপি প্রার্থী আদিত্য জোতদার মুষলধারে বৃষ্টির মধ্যেই বাড়ি বাড়ি প্রচার সারলেন। কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে ছাতা মাথায় দিয়েই এই কর্মসূচি পালন করলেন তিনি। অন্যদিকে, রায়দিঘি বিধানসভার সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায় টোটোয় দাঁড়িয়ে নালুয়া অঞ্চলে পাড়ায় পাড়ায় ঘুরলেন। এক দলীয় কর্মী তাঁর মাথায় ছাতা ধরেছিলেন। বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে টোটোয় চেপে মল্লিকপুর পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন। কুলতলির বিজেপির প্রার্থী মাধবী মহলদার আবার বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কৈখালি, গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন। তবে সকালের দিকটা বৃষ্টির জন্য প্রচারে বেরতে পারেননি সাগরের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। বৃষ্টি থামার অপেক্ষায় বসে রইলেন নিজের দলীয় কার্যালয়ে। আর সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র বেলার দিকে প্রচারে আসেন।

    বৃষ্টি উপেক্ষা করে যেভাবে এদিন মানুষের দুয়ারে ঘুরলেন প্রার্থীরা, তাতে অনেকেই অবাক হয়েছেন। এলাকাবাসীদের বক্তব্য, বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হলে আগামী দিনের প্রচার ব্যাহত হতে পারে। যদিও এখন এসব কথার ধার ধারছেন না কেউ। প্রায় সব প্রার্থীর একটাই কথা। হাতে সময় কম। যতটা সম্ভব বেশি করে মানুষের কাছে পৌঁছনো দরকার।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)