• বিজেপিকে হারাতে বিদ্রোহী তাপসের মনোনয়ন বারাসতে, উত্তরপাড়ায় নির্দল আচ্ছেলাল যাদব
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বিজেপি প্রার্থীকে হারাতে মাঠে নামলেন ‘বিক্ষুদ্ধ বিজেপি’। দলত্যাগ করে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি। ঘটনাকে ঘিরে বারাসতে তীব্র জল্পনা ছড়িয়েছে। বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থীকে মেনে নিতে না পারায় দু’দিন আগে বিজেপি ছেড়েছিলেন তাপস মিত্র। বৃহস্পতিবার এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিলেন তিনি। তাপসের দাবি, বিজেপির ভোট কাটার জন্য নয়, জয়ী হতেই ভোটে দাঁড়িয়েছেন তিনি।

    বিজেপি নেতৃত্ব বারাসত কেন্দ্রে প্রার্থী হওয়ার ব্যাপারে তাপস মিত্রকে আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসে গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড থেকে ৩১ মার্চ স্বেচ্ছা অবসর নেন তিনি। কিন্তু বারাসত থেকে দল শংকর চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে। শংকর ২০২১ এর নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তাঁকে মেনে নিতে না পারায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস। দু’দিন আগে দল ছাড়েন। দল ছাড়ার পর একাধিক রাজ্য ও কেন্দ্র নেতৃত্ব যোগাযোগ করে নির্দল প্রার্থী না হওয়ার কথাও বলেছিলেন তাপসকে। আরএসএসের সদস্য তাপস তাঁদের পরামর্শ অগ্রাহ্য করে এদিন নমিনেশন জমা দিয়েছেন। 

    একসময় তিনি বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ছিলেন। কিন্তু তাঁকে প্রার্থী না করায় দল পরিচালনা থেকে পুরানো কর্মীদের সম্মান না দেওয়ার অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাপস। এদিন তাপসের নমিনেশন দেওয়ার পর বিজেপি প্রার্থী বেশ চাপে রয়েছেন বলেই দলের অন্দরে খবর। তাপস বলেন, আমি ৩৪ বছর ধরে আরএসএসের সঙ্গে যুক্ত। বিজেপি করছি ৩১ বছর ধরে। আমার সঙ্গে অন্যায় হয়েছে। 

    এছাড়াও এদিন বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া, আমডাঙা ও দেগঙ্গা কেন্দ্র থেকে নির্দল, বিএসপি, মিম সহ একাধিক প্রার্থী নমিনেশন জমা দিয়েছেন। বারাকপুর প্রশাসনিক ভবনে মনোয়নপত্র জমা দিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিপ্লব দেব।

    উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্দল হিসাবে মনোনয়ন পেশ করেছেন আচ্ছেলাল যাদব। তিনি ওই বিধানসভার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান ছিলেন। কিন্তু কয়েক বছর ধরে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। প্রসঙ্গত, তাঁর ভাই দিলীপ যাদব তৃণমূলের হুগলি জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান। ২০২১ সালে দিলীপ যাদব আরামবাগ মহকুমার একটি আসন থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন। এদিন আচ্ছেলাল বলেন, কাউকে সুবিধা করে দিতে বা কারও অসুবিধা করতে মনোনয়ন পেশ করিনি। উত্তরপাড়ার কথা বলতে চাই। বৃহস্পতিবার মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আজ শুক্রবার হবে স্ক্রুটিনি। ১৩ তারিখ পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহার করা যাবে।
  • Link to this news (বর্তমান)