বেলেঘাটার ভোটারের নাম কেটে বিহারে! অভিযোগ তৃণমূলের
বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার ভোটারের নাম চলে গিয়েছে বিহারে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। বৃহস্পতিবার বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ অভিযোগ করেন, বিহার, গুজরাত, উত্তরপ্রদেশের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার খেলা বিজেপি ও কমিশনের তরফে চলছে। কিন্তু এবার দেখা গেল, বেলেঘাটার ভোটারের নাম এরাজ্য থেকে বাদ দিয়ে বিহারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তৃণমূলের দেওয়া তথ্য, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নামের এক ভোটার বেলেঘাটা এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিনের ভোটার তিনি। তৃণমূলের সক্রিয় কর্মী। ২০১১ সাল থেকে তৃণমূলের বুথ এজেন্ট হিসাবে কাজ করেন। কিন্তু এ বছরের ৪ এপ্রিল নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, কৃষ্ণেন্দুর নাম ভোটার তালিকা থেকে ডিলিট বা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতা অলোক দাস বলেন, আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এপিক নম্বর দেওয়ার পর দেখি, তাঁর নাম ‘ডিলিটেড’। সেইসঙ্গে লেখা বিহারের ২০০৩ সালের ভোটার তালিকায় তাঁর নাম পর্যবেক্ষণ করতে।
কিন্তু যে ব্যক্তির নাম ক’দিন আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল, কী করে সেই নাম ২০০৩ সালের বিহারের ভোটার তালিকায় চলে গেল, সেটাই প্রশ্ন তৃণমূলের। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য, আমি ১৯৯৯ সালে প্রথম ভোট দিই। তারপর থেকে সব ভোটেই অংশ নিয়েছি। এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় আমার নাম ছিল। পরে আমার নাম বিচারাধীন তালিকায় ওঠে। কিন্তু শুনানির জন্য আমাকে ডাকা হয়নি। তারপর এপ্রিল মাসের ৪ তারিখে দেখলাম, আমার নাম বাদ দেওয়া হয়েছে। এখন আইনি পথে যাওয়া এবং ট্রাইবুনালের দ্বারস্থ হওয়া ছাড়া আমার সামনে আর কোনো উপায় নেই। আমার পরিবারের সকলের নাম ভোটার তালিকায় আছে, শুধু আমার নাম বাদ দিয়ে দেওয়ার পিছনে কী কারণ, তা বুঝতে পারছি না।