• অটো, ই-রিকশ, গাড়িচালকদের আদর্শ আচরণবিধি মানার পরামর্শ
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে চলতে কড়া পদক্ষেপ করল বনগাঁ প্রশাসন। বুধবার বনগাঁ আঞ্চলিক পরিবহণ আধিকারিক অটো, ই-রিকশ সহ গাড়িচালকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে গাড়িচালকদের জানানো হয়, আদর্শ আচরণবিধি না ওঠা পর্যন্ত কোনো গাড়িতে রাজনৈতিক দলের ফ্লেক্স, পোস্টার কিংবা পতাকা লাগানো যাবে না। আচরণবিধি না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কাজে কোনো যানবাহন ব্যবহার করতে কমিশনের অনুমতি নিতে হবে। সেজন্য অনলাইনে আবেদন করতে হবে। বিনা অনুমতিতে কোনো অটো, ই-রিকশ যদি কোনো দলের পতাকা গাড়িতে লাগায়, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এবিষয়ে বনগাঁর এআরটিও রথীন মজুমদার বলেন, আমরা অটো, ই-রিকশ সহ বিভিন্ন গাড়িরচালক ও মালিকদের আদর্শ আচরণবিধি মেনে চলতে বলেছি। কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে কমিশনের নির্দেশিকা মেনে সরকারি সম্পত্তিতে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন মুছে দেওয়ার কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে। সরকারি লাইট পোস্ট বা অন্য কোনো জায়গায় লাগানো রাজনৈতিক দলের পতাকাও খুলে ফেলা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)