• শিবপুরে প্রচারে বেরিয়ে আবারও ডাক্তারের ভূমিকায় তৃণমূল প্রার্থী, ‘জয় বাংলা’ স্লোগান শুনে অস্বস্তিতে রুদ্রনীল ঘোষ
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রচারের ব্যস্ততার ফাঁকে ফের ডাক্তারের ভূমিকায় ধরা দিলেন শিবপুরের তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়। জনসংযোগে বেরিয়ে কিডনির রোগে আক্রান্ত এক প্রৌঢ়ার শারীরিক অবস্থা খতিয়ে দেখে চিকিৎসার আশ্বাস দেন তিনি। একই কেন্দ্রে আবার ভিন্ন দৃশ্য, এক তৃণমূল কর্মীর মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনে প্রথমে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। পরে সেই কর্মীকেই জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে।

    বৃহস্পতিবার হাওড়ার ৪৯ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলেন এলাকাবাসী। একটি বাড়ির সামনে অসুস্থ অবস্থায় বসে থাকা এক প্রৌঢ়াকে লক্ষ্য করেন রানা চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ওই মহিলা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই প্রাথমিক শারীরিক পরীক্ষা করেন তিনি। শুধু তাই নয়, প্রৌঢ়ার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন। ভবিষ্যতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তৃণমূল প্রার্থী। 

    এমনকি, দলীয় কর্মীদের নির্দেশ দেন, যাতে ওই মহিলাকে পরবর্তীকালে তাঁর চেম্বারে নিয়ে যাওয়া হয়। রানা চট্টোপাধ্যায় বলেন, ‘জনসেবা করাই আমার পেশা ও দায়িত্ব। চিকিৎসক হিসাবেও, জনপ্রতিনিধি হিসাবেও।’ তাঁর এই পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রৌঢ়ার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।

    অন্যদিকে এদিন হাওড়ার ৯ নম্বর ওয়ার্ডের ডব্লু রোড এলাকায় শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রচারের সময় এক তৃণমূল কর্মী ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রথমে সেই স্লোগান শুনে বিরক্ত হন বিজেপি প্রার্থী এবং ওই কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে দাবি তৃণমূলের। এমনকি, ওই কর্মীর জামা ছিঁড়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। তবে এরপরই ঘটনায় অপ্রত্যাশিত মোড় আসে। 

    প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা ওই কর্মীকে জড়িয়ে ধরে চুমু খান রুদ্রনীল ঘোষ, ওই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, এলাকার এক ভাই ‘জয় বাংলা’ বলছিল, তাকে স্নেহের বশেই জড়িয়ে ধরে চুমু খেয়েছি। একই কেন্দ্রে দুই প্রার্থীর এই ভিন্নধর্মী আচরণ ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)