নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুর আদালত শহরের একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় দুই প্রোমোটারকে সম্প্রতি তিন বছর কারাদন্ডে দণ্ডিত করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা কলকাতার বিচারভবনে রিভিশন মামলা করেন। দীর্ঘ শুনানির শেষে কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় বুধবার কারাদণ্ডের সাজা মকুব করে শুধুমাত্র জরিমানা বহাল রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার তপসিয়ায় এক বেআইনি নির্মাণের ঘটনায় ২০২১ সালে এক মামলা দায়ের করা হয়। সেই মামলায় অভিযুক্ত করা হয় দুই প্রোমোটারকে। কিছুদিন আগে কলকাতা পুর আদালত ওই নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত প্রোমোটাররা রিভিশন মামলায় আসেন কলকাতার বিচারভবনে।