• নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ
    এই সময় | ১১ এপ্রিল ২০২৬
  • নবদ্বীপের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। এই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করেন বিজেপি (BJP) কর্মীরা।

    এই হামলার ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) নবদ্বীপ থানার ব্যাদরাপাড়া গুমটি এলাকায়। অভিযোগ, নবদ্বীপের (Nabadwip) বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামীর এলাকায় প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়ির উপর আচমকা হামলা চালায় দুই দুষ্কৃতী। যদিও ঘটনার সময় বিজেপি প্রার্থী গাড়িতে ছিলেন না। বিজেপি প্রার্থীর গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ।

    এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি কর্মী-সমর্থকরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। নবদ্বীপ থানায় গিয়ে বিক্ষোভও দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।

    বিজেপির পথ অবরোধের ফলে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

    বিজেপি প্রার্থীর অভিযোগ, নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকজনই এই হামলা চালিয়েছে বলেও দাবি তাঁর। তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা।

    যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন এক আধিকারিক।

  • Link to this news (এই সময়)