• ‘বাংলা ছবির মান কমেছে, এটা বিশ্বাস করি না’ : যিশু সেনগুপ্ত
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৬
  • প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। কেমন সেই অভিজ্ঞতা? সাক্ষাৎকারে জানালেন অভিনেতা।

    প্রশ্ন : এখন আপনি ‘প্যান ইন্ডিয়ান তারকা’। এই ট্যাগ কীভাবে দেখেন?
    উত্তর : এসব ট্যাগে আমি বিশ্বাস করি না। আমি একজন অভিনেতা। আর তাই অভিনয় করাটাই আমার কাজ বলে বিশ্বাস করি।

    প্রশ্ন : প্রিয়দর্শনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
    উত্তর : মুম্বইতে অন্য ছবির শ্যুটিং চলাকালীন প্রিয়দর্শন স্যারের সঙ্গে দেখা হয়। উনি আমাকে ‘ভূত বাংলা’র গল্প শোনান। এই ছবির সহযোগী পরিচালক অভিলাস জানান যে, চিত্রনাট্যে চরিত্রের নামের জায়গায় আমার নাম লেখা রয়েছে। জানতে পারি চরিত্রটা আমাকে মাথায় রেখেই লেখা। এটা আমার জন্য বড় সম্মানের। সেটে উনি অভিনেতাদের অনেক স্বাধীনতা দিতেন এবং আমাদের সকলের ভাবনা-দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতেন।

    প্রশ্ন : বাংলার থেকে বলিউড এবং দক্ষিণে কি বেশি মনোযোগ দিচ্ছেন?
    উত্তর : হিন্দি, তেলুগু বা বাংলা— যে প্রজেক্ট ভালো লাগে, সেটাই করি। পর পর হিন্দিতে ভালো প্রস্তাব পেয়েছি, সেগুলো করেছি। বাংলায় তেমন প্রস্তাব এলে নিশ্চয়ই করব। এবছরই দু’টো বাংলা সিনেমায় কাজ করেছি। আমার প্রযোজিত ছবি ‘অভিমান’-এর কাজ চলছে।

    প্রশ্ন : অনুরাগ কাশ্যপ এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলা ছবির মান পড়ে গিয়েছে, এ সম্পর্কে আপনার অভিমত কী?
    উত্তর : এটা সম্পূর্ণভাবেই ওঁর ব্যক্তিগত মতামত। বাংলা সিনেমা দেখে ওঁর এমনটা মনে হতেই পারে। আবার ওঁর ছবি দেখেও কেউ একথা বলতে পারেন। অনুরাগ কাশ্যপ আমাদের দেশের অন্যতম সেরা পরিচালক, এ নিয়ে কোনও দ্বিমত নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাংলা ছবির মান কমে গেছে। প্রতি বছর আমরা জাতীয় পুরস্কার পাই, আর সেটা তো প্রভাব খাটিয়ে পাওয়া যায় না। বাংলায় ভালো মানের ছবি তৈরি হচ্ছে বলেই নিয়মিত এই স্বীকৃতি আসছে।

    প্রশ্ন : ‘মর্দানি’, ‘মণিকর্ণিকা’, ‘ট্রায়াল’-এর মতো নারী কেন্দ্রিক গল্পে কাজ করার সময় কখনও কি নিরাপত্তাহীনতায় ভুগেছেন?
    উত্তর : আমার কোনও নিরাপত্তাহীনতা নেই। আর নারী বা পুরুষকেন্দ্রিক হিসেবে দেখি না, দেখি চরিত্রটা গল্পের জন্য কতটা জরুরি। আমার কাজ শুধু অভিনয় করা, আর সেটাতেই আমি একশ শতাংশ দিই।

    প্রশ্ন : প্রজেক্ট নির্বাচনের সময় কোন বিষয়টিতে জোর দেন?
    উত্তর : অনেকে বলেন যে বলিউডে ছোট চরিত্র পেলেও আমি করি। কেউ কেউ ‘মণিকর্ণিকা’ ছবির উদাহরণ টানেন। কিন্তু আমি ‘আবহমান’, ‘রাজকাহিনি’, ‘জুলফিকার’-এর মতো অনেক বাংলা সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছি, তখন একথা কেউ বলেন না। আমার চরিত্র বাদ দিলে যদি গল্প এগোয়, সেই কাজ করি না; আর না এগোলে ছোট ভূমিকাতেও অভিনয় করি।

    প্রশ্ন : মেয়েরা আপনার কোন সিনেমা পছন্দ করে?
    উত্তর : ওরা সিনেমা খুব একটা দেখে না। বাবা অভিনয় করেন, এইটুকুই ওরা জানে। এর বেশি কিছু নয়।

    দেবারতি ভট্টাচার্য • মুম্বই
  • Link to this news (বর্তমান)