কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত শমিক রায়চৌধুরী পরিচালিত সিরিজের শ্যুটিংয়ের জন্য শ্যুটিং ফ্লোরে যান নায়িকা। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা। এদিন পুরো সময়ের জন্য শ্যুটিং করেন তিনি। জানা গিয়েছে, তিনদিনের জন্য শ্যুটিং বাকি রয়েছে সিরিজের। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা শ্যুটিং করলেও বাকি দু’দিনও তাঁকে ফ্লোরে দেখা যাবে কি না, স্পষ্ট নয়।
গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার মৃত্যুর ঘটনায় তোলপাড় টলিপাড়া। সঠিক তদন্ত ও সত্য উদঘাটনের দাবিতে পথে নেমেছেন তারকারা। সরব হয়েছিলেন নিরাপত্তার দাবিতে। পাশাপাশি পালন করা হয়েছিল একদিনের কর্মবিরতি। যে প্রযোজনা সংস্থার কাজে গিয়ে এই ঘটনা, সেই ম্যাজিক মোমেন্টস ও তার সহযোগী সংস্থাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে। যতদিন না তাদের তরফে আইনানুগভাবে নিজেদের নির্দোষ প্রমাণ করা হচ্ছে, ততদিন প্রযোজনা সংস্থা বাংলায় কাজ করতে পারবে না বলে খবর। এই আবহে গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। লিখেছিলেন, ‘এই অকাল প্রয়াণ যেন নিছক শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরও বড়ো কোনো পরিবর্তনের সূচনা করে।’ এই পোস্টের একদিন পরেই শোক নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী। এর আগে রাহুলের মৃত্যুর ঘটনায় দু’টি এফআইআর দায়ের হয়েছিল। রিজেন্ট পার্ক থানায় এফআইআর করা হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফে। সেদিনই তালসারিতে গিয়ে ব্যক্তিগতভাবে এফআইআর করেন প্রিয়াঙ্কা। সেখানে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার পাঁচজনের নামে অভিযোগ করেছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, এদিনই অ্যাকাডেমি অব ফাইন আর্টসে রাহুলের লেখা নাটক ‘যে জানলাগুলোর আকাশ ছিল’ পরিবেশন করে ‘ইচ্ছেমতো’। বিনা টিকিটে দেখানো হয় নাটকটি। মঞ্চে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে প্রয়াত অভিনেতাকে।